সাড়ে চার ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ চালু
সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নাটোরে দ্রুতযান নামে একটি আন্তনগর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
নাটোর রেলস্টেশন সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে নাটোর স্টেশন অতিক্রম করার পর ইয়াছিনপুর এলাকায় ওই ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেলপথের উভয় প্রান্তে উত্তরাঞ্চলে চলাচলকারী রূপসা, রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
নাটোর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে বলেন, ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিগুলো সরিয়ে নেয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।