
মাওয়া পুরোনো ফেরিঘাটের ভাঙন ঠেকাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পদ্মা নদীতে ‘পাইলট প্রটেকশন’ কাজের শেষরক্ষা হয়নি। সাড়ে ছয় কোটি টাকার এই প্রকল্প এখন অনেকটা অস্তিত্বহীন। সেখানে এখন কিছু সিমেন্টের বস্তা এবং নৌপরিবহনমন্ত্রীসহ তিন সাংসদের ‘নামফলক’ ছাড়া কিছুই নেই। এ ছাড়া ফেরিঘাটের সংযোগ সড়কটিও চালু হওয়ার আগেই বিলীন হয়ে গেছে।
গত শনিবার ঘটনাস্থলে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। নদীতে প্রবল স্রোতের কারণে তিনটি ঘাট নিয়ে পুরোনো ফেরিঘাট এলাকায় গত সপ্তাহে ফাটল ও ভাঙন শুরু হয়। এতে একটি ‘মাজার’, ১৭টি দোকান ও বসতঘর তলিয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে ভাঙন রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো তৎপরতা দেখা যায়নি।
সেখানে দেখা যায়, ঘাটে অবশিষ্ট দোকানগুলোও হুমকির মুখে। ৩ নম্বর ঘাট এলাকায় বেশ কিছু দোকান তলিয়ে যাওয়ার পর অন্য দোকানিরা সরে গেছেন। বিপদের আশঙ্কায় কয়েকটি দোকানের চালা ও দরজা-জানালা খুলে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে লাল ফিতা ও পতাকা টাঙানো হয়েছে। এই অবস্থার মধ্যেই ভাঙন এলাকায় দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের বাধা দেওয়ার জন্য সেখানে কোনো নিরাপত্তারক্ষী নেই।
স্থানীয় দোকানিরা জানান, ভাঙন রোধে লাল পতাকা ওড়ানো ছাড়া কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ভাঙনের স্থান থেকে ৮০ গজ দূরে মাওয়া-ভাগ্যকুল সড়ক, পুরোনো বাসস্ট্যান্ডও হুমকির মুখে।
দৃশ্যমান শুধু ফলক: গত বছরের সেপ্টেম্বরে মাওয়া ১ নম্বর পুরোনো ফেরিঘাট এলাকায় ভাঙনে মসজিদ, বেশ কিছু দোকান ও বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। এর কয়েক মাস পর বিআইডব্লিউটিএ কিছু পদক্ষেপ নেয়। তার একটি হচ্ছে ‘পাইলট প্রটেকশন’।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১ নম্বর ঘাট এলাকায় নদী থেকে ৫০ ফুট দূরে একটি বড় নামফলক। তাতে লেখা আছে, ‘মাওয়া নদী বন্দরে ভাঙনকবলিত অংশে পাইলট প্রটেকশনের কাজ। শুভ উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাংসদ ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন। তারিখ: ১৬ মার্চ, ২০১৩।’ ফলকটির ওপর এখন কাপড় শুকানো হয়।
জানা যায়, পদ্মা বহুমুখী প্রকল্প থেকে সাড়ে ছয় কোটি টাকা নিয়ে পাইলট প্রটেকশন প্রকল্পের কাজ শুরু হয়। মূলত চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নষ্ট সিমেন্টের বস্তা (পাথর হয়ে যাওয়া) দিয়ে বাঁধ দেওয়া হয়। কিন্তু দেখা যায়, সেসব বস্তার কিছুসংখ্যক নদীর ঢালে অবশিষ্ট আছে।
স্থানীয় ব্যবসায়ী লিটন মুন্সি বলেন, এসব বস্তা দেওয়ার সময় বলা হয়েছিল, আর কোনো চিন্তা নেই। কিন্তু বাস্তবের সঙ্গে কথার কোনো মিল পাওয়া যায়নি।
এদিকে ১ নম্বর ঘাটের সঙ্গে পৃথক প্রকল্পের অধীনে গত বছর একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছিল। এ জন্য ঘাটের পাশের একটি পুকুর ভরাটও করা হয়। কিন্তু এলাকা ঘুরে দেখা যায়, সংযোগ সড়কের মাঝখানে অন্তত ২০০ গজ অংশ ভেঙে গেছে। এলাকাবাসী বলেন, রাস্তাটি চালুর আগেই ভাঙন ধরে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, গত বছর নদীভাঙনের পর সময়ের প্রয়োজনে এখানে পাইলট প্রটেকশনের ব্যবস্থা করতে হয়। তবে এটা বুঝতে হবে যে, এলাকাটি ভাঙনপ্রবণ, তাই নদীর তীর রক্ষার জন্য অতীতে যত কাজ হয়েছে, বেশির ভাগই নষ্ট হয়েছে। বিপুল টাকা গচ্চা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ভাঙনপ্রবণ এলাকা। নদী তো ভাঙবেই, এর জন্য প্রধানত দায়ী প্রকৃতি।’
অপর একটি সূত্র জানায়, রাজনৈতিক বিবেচনায় ওই সময় তড়িঘড়ি করে ওই প্রকল্প নেওয়া হয়েছিল।