>জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০০৯ সালে সংস্থা থেকে ৯ হাজার ১৬০ জন আইনি সহায়তা পান। মাত্র পাঁচ বছরের মাথায় ২০১৪ সালে এ সংখ্যা প্রায় তিন গুণ হয়ে দাঁড়ায় ২৫ হাজার ২৮৩
প্রায় তিন বছর আগে জামালপুরের জান্নাতুল ফেরদৌসী যখন স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়ি ফিরে যান, তখন তাঁর ছেলের বয়স মাত্র ছয় মাস। যৌতুক না পেয়ে স্বামী রেহানুল ইসলাম পরে তাঁকে তালাক দেন। কিন্তু প্রাপ্য দেনমোহর দেননি। শিশুসন্তানসহ নিজের জীবনধারণ নিয়ে জান্নাতুল অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এমনই পরিস্থিতিতে জান্নাতুল জানতে পারেন জেলা লিগ্যাল এইড অফিসের কথা। গত বছরের শেষ দিকে তিনি সেখানে গিয়ে সরকারের কাছে আইনগত সাহায্যের আবেদন করেন। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জান্নাতুলের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে মামলার কার্যক্রম শুরু করেন। আট মাস মামলা চলার পর জান্নাতুলের পাওনা চার লাখ টাকা দেনমোহর পরিশোধ করতে রাজি হন তাঁর স্বামী।
জান্নাতুলের মতো এমন বিচারপ্রার্থী দরিদ্র মানুষদের বিনা মূল্যে আইনি সেবা দিয়ে চলেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত সাড়ে ছয় বছরে লক্ষাধিক মানুষ সরকারের কাছ থেকে আইনগত সহায়তা পেয়েছেন।
জানতে চাইলে জান্নাতুল প্রথম আলোকে বলেন, ‘লিগ্যাল এইড অফিস যে আমাকে কত সাহায্য করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। মামলা চালাতে আমার একটা পয়সাও খরচ হয়নি। অভাবের দিনে আমি আমার পাওনা টাকা পেয়েছি।’
যেভাবে শুরু: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের উন্নত ও উন্নয়নশীল অনেক দেশে সরকারি খরচে আইনি সহায়তার পদ্ধতি চালু আছে। রাষ্ট্রের শতভাগ মানুষ যাতে আদালতের কাছে প্রতিকার চাইতে পারে, সে জন্য এই ব্যবস্থা রাখা হয়।
জাতিসংঘ ঘোষিত নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদে (আইসিসিপিআর) বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি আইনের বা আদালতের আশ্রয় নিতে চান অথচ তাঁর আর্থিক সামর্থ্য নেই, তবে ওই ব্যক্তিকে আইনগত সহায়তা দেওয়ার জন্য সরকার বাধ্য থাকবে।
বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী। ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতেও সরকারি ব্যয়ে আইনি সেবা দেওয়ার বিধান রয়েছে। তারপরও স্বাধীনতার তিন দশক ধরে দেশে সরকারি খরচে আইনি সহায়তার কোনো কার্যক্রম ছিল না।
২০০০ সালের ২৮ এপ্রিল জাতীয় সংসদে আইনগত সহায়তা প্রদান আইন পাস হওয়ার পর ২০০১ সালে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। কিন্তু জনবল ও বিধিবদ্ধ কাঠামোর অভাবে পরের আট বছর ধরে সংস্থাটি প্রায় অকার্যকর ছিল। সংস্থাটি জানায়, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংস্থাটিকে বছরে ৫০ লাখ টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হতো। অথচ তার মাত্র ৩ শতাংশও খরচ হতো না।
২০০৯ সালে সংস্থাটিকে ঢেলে সাজানো হয়, প্রতি জেলা আদালতে সংস্থার কার্যালয় স্থাপন ও স্থানীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি মানুষের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। ওই সময় থেকে আইনগত সেবা নেওয়ার হার বাড়তে থাকে। দেশের ৬৪ জেলায় স্থায়ী লিগ্যাল এইড কার্যালয় স্থাপন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। ২৮ এপ্রিলকে ঘোষণা করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে। সর্বশেষ গত জুলাই থেকে দেশের সর্বোচ্চ আদালতে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয়েছে। মাত্র তিন মাসে সেখানে ৪৮টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুরুর দিকে সংস্থাটি মূলত মন্ত্রণালয়ের একটি টেবিল আর আলমারির মধ্যে আটকে ছিল। ২০০৯ সালে প্রথমবারের মতো সংস্থার পূর্ণকালীন পরিচালক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়। সংস্থার জন্য আলাদা কার্যালয়, অর্থ ও জনবল বরাদ্দ করা হয়। মাত্র সাড়ে ছয় বছরে এটি দেশের লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা দিতে পেরেছে।’
চলতি অর্থবছরে সংস্থার জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এ ছাড়া সরকারকে শুরু থেকে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকেএআইডি।
সহায়তা বেশি নিচ্ছেন নারীরা: ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে ৯ হাজার ১৬০ জন আইনি সহায়তা পান। ২০১০ সালে এ সংখ্যা বেড়ে হয় ১১ হাজার ২৬৬, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ এবং ২০১৩ সালে ১৯ হাজার ৪৯৩ জন। মাত্র পাঁচ বছরের মাথায় ২০১৪ সালে এ সংখ্যা প্রায় তিন গুণ হয়ে দাঁড়ায় ২৫ হাজার ২৮৩। চলতি বছরের প্রথম সাত মাসে ১৬ হাজার ৭৩৪ জন আইনগত সহায়তা নিয়েছেন।
বেড়েছে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যাও। ২০০৯ সালে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ছিল ৩ হাজার ৫২৪, ২০১০ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৫০৬। অবশ্য পরে এ সংখ্যা একটু কমে আসে। ২০১১ ও ২০১২ সালে নিষ্পত্তি করা মামলার সংখ্যা ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ৪ হাজার ১৩৪। ২০১৩ সালে আবার তা বেড়ে হয় ৫ হাজার ৬৩১ এবং ২০১৪ সালে ১০ হাজার ৬৭৪। চলতি বছরের জুলাই পর্যন্ত ৬ হাজার ৫১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
পরিসংখ্যান বলছে, শুরুর দিকে নারীদের তুলনায় অপেক্ষাকৃত বেশিসংখ্যক পুরুষ আইনগত সহায়তা নিতেন। ২০০৯ সালে ৩ হাজার ১৭৫ জন নারীর বিপরীতে ৫ হাজার ৯৫৩ জন পুরুষ আইনগত সহায়তা নেন। ২০১১ সাল থেকে আইনগত সহায়তা নেওয়া নারীর সংখ্যা বাড়তে থাকে। ২০১২ সালে ৮ হাজার ৭৮ জন নারী আইনি সেবা নেন, যেখানে পুরুষের সংখ্যা ছিল ৭ হাজার ৩২৫। ২০১৩ সালে ৯ হাজার ১৬ জন পুরুষের বিপরীতে ১০ হাজার ৪৪৮ জন নারী এবং ২০১৪ সালে ১০ হাজার ৭৯৩ জন পুরুষের বিপরীতে ১৪ হাজার ৪৬৭ জন নারী আইনি সহায়তা নেন। চলতি বছরের প্রথম সাত মাসে আইনি সহায়তা নেওয়া নারীর সংখ্যা ৯ হাজার ৬৪২, বিপরীতে পুরুষের সংখ্যা ৭ হাজার ৬১।
কেন নারী সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে, জানতে চাইলে আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে গরিব ও দুস্থ নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হলেও অর্থের অভাবে আদালতের শরণাপন্ন হতে পারতেন না। তাঁরা এখন লিগ্যাল এইডের সহায়তা নিতে পারছেন। তাঁরা জানতে পারছেন, আর কেউ না থাকলেও সরকার তাঁদের পাশে আছে।’
২০১৩ সাল থেকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৩ সালে এ সেল থেকে ৮২৯ জন ও ২০১৪ সালে ১ হাজার ৩৬০ জন শ্রমিককে আইনগত সহায়তা দেওয়া হয়।
যেসব সেবা দেওয়া হয়, যাঁরা পান: সরকারি আইনি সেবার মধ্যে রয়েছে আইনগত পরামর্শ, দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ, ফি পরিশোধসহ মামলা-সম্পর্কিত সব ধরনের ব্যয়, ডিএনএ পরীক্ষার যাবতীয় ব্যয়, জেল আপিল প্রভৃতি। যে ব্যক্তির আয় বছরে ৫০ হাজার টাকার নিচে, সে ব্যক্তি সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার যোগ্য হবেন।
সুপ্রিম কোর্টে কোনো মামলায় আইনগত সেবা পেতে হলে বার্ষিক আয় দেড় লাখ টাকার কম হতে হবে। আর জেলা আদালতে আইনগত সেবা পেতে হলে বার্ষিক আয় এক লাখ টাকার কম হতে হবে। তবে বেকার, শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, ভবঘুরে, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী, পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তি, প্রতিবন্ধী, দুস্থ নারী ও বৃদ্ধ, অ্যাসিডদগ্ধ নারী ও শিশু, অর্থের অভাবে আদালতে আত্মপক্ষ সমর্থন করতে পারছেন না এমন ব্যক্তিরাও সরকারি খরচে আইনগত সহায়তা পাবেন।
সেবার মান বাড়ানোই চ্যালেঞ্জ: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম মনে করেন, আইনগত সেবার মান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরাও স্বীকার করি, মামলা চালানো ও আইনজীবীদের খরচ হিসেবে সরকার যে অর্থ বরাদ্দ করে, তা কম। কিন্তু সরকার আর কত করবে?’
আমিনুল ইসলাম বলেন, জ্যেষ্ঠ আইনজীবীরা যদি বছরে পাঁচটা মামলা বিনা মূল্যে বা নামমাত্র অর্থে পরিচালনা করে দেন, তাহলে সেবার মান ও মানুষের আস্থা বাড়বে। এ ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল এবং দেশের আইনজীবী সমিতিগুলো এগিয়ে আসতে পারে।
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ বলেন, ‘আমার মনে হয়, সিনিয়র আইনজীবীদের কাছে সঠিকভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে না। লিগ্যাল এইড কমিটি যদি কোনো সিনিয়র আইনজীবীকে বলে অমুক মামলাটি বিনা মূল্যে করে দেন, আমার মনে হয় না কোনো সিনিয়র আইনজীবী না করবেন।’
ভবিষ্যৎ পরিকল্পনা: আইন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সব জেলা লিগ্যাল এইড কার্যালয়গুলোকে ‘এডিআর কর্নার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে তৈরির চিন্তাভাবনা চলছে। নিয়োগ দেওয়া হচ্ছে জেলা লিগ্যাল এইড অফিসার। এ ছাড়া সুবিধাবঞ্চিত নারী ও পোশাক কারখানার শ্রমিকদের মজুরি, নিরাপত্তা ও চাকরি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, জেলা লিগ্যাল এইড কার্যালয়গুলোকে আরও আধুনিক করাসহ সেবার পরিধি আরও বিস্তৃত করার কার্যক্রম চলছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে গত আগস্ট পর্যন্ত ১১টি জেলার লিগ্যাল এইড কর্মকর্তা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৫৮ লাখ টাকা ক্ষতিপূরণ বা অর্থ আদায় করতে পেরেছেন।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘উন্নত বিশ্বে এখন আদালতে মামলা করার চেয়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। এডিআর কর্নারগুলোর মাধ্যমে আমরা চাইব যাতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করে ফেলতে পারি। এতে নতুন মামলার চাপ কমবে, পুরোনো মামলার যে জট লেগেছে, তা দূর করা সহজ হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা যত বেশি মানুষকে সেবা দিতে পারব, তত বেশি আমাদের সেবার মান বাড়বে। জ্যেষ্ঠ আইনজীবীদের আমরা অনুরোধ করব, যেন তাঁরা জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় সহযোগিতা করেন। যত দিন যাবে, আইনগত সহায়তা তত উন্নত হয়ে উঠবে।’