সাড়ে তিন ঘণ্টা পর মুক্ত হলেন হল প্রাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লা হলের প্রাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমানকে নিজ কক্ষে সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন হলের শিক্ষার্থীরা।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত আজিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়।


হলের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, গত শুক্রবার রাত তিনটার দিকে হলে সন্দেহভাজন একটি প্রাডো গাড়ি ঢোকে। তাঁদের দাবি, প্রায় সময়ই এ ধরনের গাড়ি হলের ভেতরে ঢোকে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।


শিক্ষার্থীরা আরও জানান, এ ব্যাপারে গতকাল হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিরাজ আহমেদের নেতৃত্বে তাঁরা প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে যান। সেখানে প্রাধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় প্রাধ্যক্ষকে তাঁরা আটকে রাখেন। তাঁর অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। ওই গাড়ি ঢোকার সময়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ইউসুফ আলী খানকে বরখাস্ত করার ঘোষণা দেন। এতে শিক্ষার্থীরা শান্ত হন। প্রাধ্যক্ষকে মুক্ত করা হয়।