সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাতটা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে এসব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম জানান, এ দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন দুটি কুমিল্লা স্টেশনে আটকা পড়ে। পরে উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে দুর্ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এর সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রেনের পেছনের বগিগুলো মন্দবাগ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বগিসহ দুটো বগিকে মন্দবাগ স্টেশনে ও বাকি বগিগুলো কসবা স্টেশনে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজ শেষে বেলা ১১টার দিকে এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকালে কসবা রেলস্টেশনের মাস্টার প্রণব কান্তি বড়ুয়া প্রথম আলো ডটকমের কাছে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।