সাড়ে তিন হাজার গাছের কলা নষ্ট করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে একটি বাগানের সাড়ে তিন হাজার সাগর কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বাগানমালিক জিয়াউর রহমান অভিযোগ করেন, ইউনিয়নের রাজাপুরে তাঁর সাত বিঘা জমি আছে। ওই জমিতে তিনি কলার বাগান করেছেন। বাগানের সাড়ে তিন হাজার গাছে কলা ধরেছিল। ওই কলা বিক্রির উপযোগীও হয়েছিল। তিনি এক পাইকারের কাছে প্রতি কাঁদি ১৯০ টাকা দরে বিক্রির জন্য চুক্তিও করেন। গতকাল রোববার কলা বিক্রি করার কথা ছিল। কিন্তু আগের রাতেই দুর্বৃত্তরা কুপিয়ে কলার কাঁদিগুলো নষ্ট করে ফেলেছে।
জিয়াউর রহমান আরও জানান, কারা এ কাজ করেছে তা তিনি জানেন না। তবে গত বছর একই গ্রামের শামীম হোসেনসহ (৪২) কয়েকজন শত্রুতামূলকভাবে ওই বাগানের কলার কাঁদি নষ্ট করেছিল। তখন সালিস বৈঠকে সাজা হলে তাঁরা ক্ষুব্ধ হন। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।