লালমনিরহাটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের গ্রাহকদের কাছে সাড়ে পাঁচ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ওই বকেয়া বিল আদায়ে পিডিবির ১২০টি মামলা চলমান রয়েছে।
লালমনিরহাটের পিডিবি সূত্রে জানা গেছে, তাদের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় ১৫ হাজার ১৮৯টি বাসাবাড়ির সংযোগ, ২ হাজার ৭৭৫টি বাণিজ্যিক সংযোগ, ৭০২টি সেচপাম্প সংযোগ, ১৯৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের সংযোগ, ১৯টি বড়/ভারী শিল্পপ্রতিষ্ঠানের সংযোগসহ মোট ১৯ হাজার ২৪৬টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে। এখন তাদের লালমনিরহাট পৌরসভার কাছে ১ কোটি ৯৬ লাখ টাকা, ১৯৩টি ধর্মীয় প্রতিষ্ঠান/সংগঠনের কাছে ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়াসহ মোট সাড়ে পাঁচ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২০টি মামলা করেছে। এসব মামলা রংপুর বিদ্যুৎ আদালতে চলমান রয়েছে।
লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম বলেন, ‘পৌরসভার কাছে বিদ্যুৎ বিভাগ থেকে যে বকেয়া বিল দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। প্রকৃত বিল নির্ধারণের জন্য আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।’
এ ব্যাপারে লালমনিরহাট পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ‘ওই সাড়ে পাঁচ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, তার সবটাই করছি। বড় বকেয়া বিদ্যুৎ বিলগুলো আদায়ের জন্য ১২০টি মামলা করেছি, যা এখন চলমান। পৌরসভার কাছে আমরা অতিরিক্ত বিদ্যুৎ বিল দাখিল বা দাবি করিনি।’ তবে তিনি নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান, ডিজিটাল মিটার ব্যবহার ও যেকোনো সমস্যায় তাঁর কাছে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।