সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পেলেন না সারোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের টিকিট কিনতে স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন
ছবি : প্রথম আলো

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন সারোয়ার হোসেন। এবার ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার পরিকল্পনা তাঁর। নিরাপদ যাত্রায় ট্রেনই পছন্দ। এ জন্য আগামী শুক্রবারের টিকিট কিনতে ভোর পাঁচটায় চট্টগ্রাম স্টেশনে আসেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর সকাল সাড়ে ১০টায় যখন কাউন্টারের সামনে যান, তখন তাঁকে জানানো হয় টিকিট নেই।

কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশা নিয়ে স্টেশন ত্যাগ করেন সারোয়ার। তিনি বলেন, প্রতিবার ঈদের সময় ট্রেনের টিকিট নিয়ে এ ধরনের ঘটনা ঘটে

শুধু সারোয়ার নন, সোমবার অনেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে চট্টগ্রাম স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। টিকিটের জন্য অনেকেই আগের রাতে স্টেশনে এসেছিলেন।

চট্টগ্রাম স্টেশন থেকে এবার ঈদযাত্রায় প্রতিদিন ১০টি আন্তনগর ও ২টি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে প্রায় আট হাজার আসন রয়েছে৷ এর অর্ধেক কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হচ্ছে।

কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো অনেক যাত্রী অভিযোগ করেন, তাঁরা দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরও টিকিট পাননি। কিন্তু অনেকেই লাইনের বাইরে থেকে এসে টিকিট নিয়ে যাচ্ছেন। কালোবাজারিতেও টিকিট বিক্রি হচ্ছে।

তবে অনেকে টিকিটের জন্য আগের দিন রাত আটটায় স্টেশনে চলে এসেছেন। পরে সকালে টিকিট পেয়েছেন। টিকিট পেয়ে তাঁরা খুব খুশি।

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকে ১০টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। কিছু কিছু ট্রেনের টিকিট ১০টা সাড়ে ১০টার মধ্যে শেষ হয়ে যায়।

রতন কুমার চৌধুরী বলেন, শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হবে। স্বাভাবিকভাবে ট্রেনের টিকিটের চাপ বেশি ছিল।