সাড়ে পাঁচ ঘণ্টাপর অপহৃত তরুণ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর বাস্তুহারা এলাকা থেকে অপহৃত এক তরুণকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ এ কথা জানিয়েছে।
গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলার নন্দন পার্ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা ওই তরুণের নাম আবু তোয়াব (২৫)। তিনি ঢাকার খিলক্ষেত এলাকার মো. আলী আশরাফের ছেলে ও বাংলালিংক নেটওয়ার্কের কর্মকর্তা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, খিলক্ষেতের বাসা থেকে বের হয়ে নেটওয়ার্কের কাজে টঙ্গীর বাস্তুহারা এলাকায় আসেন আবু তোয়াব। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে কয়েকজন অপহরণকারী তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। তাঁরা আবু তোয়াবের বাড়িতে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবার গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশের দুটি দল বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
পুলিশের তৎপরতা বুঝতে পেরে তারা টাকা কমিয়ে দেড় লাখ টাকা দাবি করে। সেই টাকাও না পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে তারা নন্দন পার্কের পাশে তোয়াবকে ফেলে পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ নন্দন পার্ক এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়ইপাড়া এলাকার ফাতেমা ক্লিনিকে ভর্তি করে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ জানান, অপহরণকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।