সাড়ে পাঁচ হাজার কচ্ছপের বাচ্চা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ ও মেরিন লাইভ অ্যালায়েন্সের উদ্যোগে কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলীয় এলাকায় এ বছর সাড়ে পাঁচ হাজার কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার ফতেআলীয়াপাড়া, হাবিরছড়া ও নোয়াখালীয়াপাড়ায় মেরিন লাইভ অ্যালায়েন্সের মাধ্যমে কচ্ছপের বাচ্চা সংরক্ষণের তিনটি হ্যাচারি পরিচালিত হয়ে আসছে। চলতি মৌসুমে এ হ্যাচারিগুলোতে ৭ হাজার ৫০০টি কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৫ হাজার ৫০০টি বাচ্চা ফোটানোর কাজ সম্পন্ন হয়। অন্য ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে পর্যায়ক্রমে সেগুলো সাগরে অবমুক্ত করা হয়েছে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে টেকনাফের ফতেআলীয়াপাড়া ও হাবিরছড়া সৈকত এলাকায় ৫৫০টি বাচ্চা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী, রাজারছড়া ও মাথাভাঙার বিট কর্মকর্তা জসিম উদ্দিন ও মেরিন লাইভ অ্যালায়েন্সের মো. হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় পরিবেশ অধিদপ্তরে সহযোগিতায় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে আরও ১০টি বিভিন্ন সংস্থার সংরক্ষণ হ্যাচারি রয়েছে। এসব এলাকায় একজন করে সংরক্ষণকারী নিয়োগের মাধ্যমে কচ্ছপের ডিমগুলো সংগ্রহ করা হয়।
মেরিন লাইভ অ্যালায়েন্সের টেকনাফের গবেষণা সহকারী মো. হাসান জানান, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে খাদ্যশৃঙ্খল বজায় রাখতে কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাগরে ময়লা-আবর্জনা খেয়ে পানি পরিষ্কার রাখে। এ ছাড়া মাছের লাখ লাখ পোনা খেয়ে ধ্বংসকারী নুইন্যা বা জেলি ফিশও খেয়ে ফেলে।
এসিএফ রেজাউল করিম চৌধুরী জানান, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কচ্ছপ বাংলাদেশের উপকূলীয় সৈকতে এসে ডিম পেড়ে আবার ফিরে যায়। কিন্তু সাগরে বিভিন্ন জাহাজ, জেলেদের মাছ ধরা নৌকা এবং জালের কারণে তাদের এ স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। অনেক কচ্ছপ জালে আটকা পড়ে মারা যায়। অনেক ক্ষেত্রে ডিম পাড়লেও সেগুলো শিয়াল, কুকুর ও গুইসাপ খেয়ে ফেলে। ফলে দিন দিন কচ্ছপের বংশবৃদ্ধি কমছে। এসব বিষয় বিবেচনা করেই হ্যাচারিতে ডিম সংরক্ষণের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে পরে সাগরে তা অবমুক্ত করা হচ্ছে।