
এইচএসসি পরীক্ষার কেন্দ্র বদলের দাবিতে ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থীরা গতকাল মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে সাত ঘণ্টা অবরোধের পর পুলিশ ছাত্রদের সরিয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান প্রথম আলোকে জানান, এ ঘটনার পর কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে
ধানমন্ডি থানা-পুলিশ জানায়, গতকাল বেলা একটা থেকে শতাধিক শিক্ষার্থী মিরপুর সড়কে অবস্থান নেয়। পুলিশ তাদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাত সাড়ে আটটায় তাদের রাস্তা থেকে সরাতে সক্ষম হয় পুলিশ। এর আগে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। জলকামান পর্যন্ত মোতায়েন করে।
বিক্ষোভকারী কয়েকজন শিক্ষার্থী জানায়, গত বছর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পাশের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। কিন্তু এবার তা পরিবর্তন করে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হয়েছে। এতে পরীক্ষাকেন্দ্র তাদের কলেজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কয়েক দিন আগে তারা কেন্দ্র পরিবর্তনের খবর জানতে পারে। কেন্দ্র বদলের দাবিতে তারা কলেজের অধ্যক্ষের কাছে গেলে তিনি সময় চান। কিন্তু নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা রাস্তায় নামে। তারা কলেজের ভেতরে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা এক জোট হয়ে প্রথমে রাস্তার ওপর বসে পড়ে। এতে করে দুই পাশে সড়ক বন্ধ হয়ে যায়। মিরপুর রোডের মতো ব্যস্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার কারণে ধানমন্ডির আশপাশের সব সড়কে যানজট ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের এক পাশে সরিয়ে দিয়ে একপাশ দিয়ে যানবাহন চলার সুযোগ করে দেয়। তবে তার আগেই যানজট রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাতমসজিদ রোড ও বিমানবন্দর সড়কেও যানজট তীব্র হয় ওঠে। বিকেল পর্যন্ত এসব সড়কে যানজট ছিল অসহনীয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, ছাত্ররা রাত পর্যন্ত রাস্তায় অবস্থান করে। কম বয়সের ছেলেমেয়েরা রাস্তায় থাকার কারণে পুলিশ বল প্রয়োগ করেনি। তাদের বুঝিয়ে-শুনিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ছাত্ররা কোনো কথা শুনছিল না। এভাবে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা রাস্তায় বসে থাকে।