সাড়ে সাত হাজার শিক্ষার্থী বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির সাড়ে সাত হাজার শিক্ষার্থী বাংলা বই পায়নি। ফলে বছরের ১৫ দিন পার হলেও বই না থাকায় ২০১টি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
১ জানুয়ারি বই উৎসবে সব বই সময়মতো না পৌঁছানোর কারণে ওই দিন সব কটি বিষয়ের বই শিক্ষার্থীদের দেওয়া যায়নি। শিক্ষকেরা বলছেন, নির্দিষ্ট সময়ে বাংলা বই না পাওয়ায় ওই বিষয়ে পাঠদান শুরু করা যাচ্ছে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চতুর্থ শ্রেণির ৭ হাজার ৬০০টি বাংলা বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। কিন্তু এখনো বাংলা বিষয়ের কোনো বই এসে পৌঁছায়নি। এ কারণে ২০১টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই শ্রেণির বাংলা বই দেওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনাজ উদ্দিন বলেন, ‘চতুর্থ শ্রেণির বাংলা বই এখনো শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারিনি। বইয়ের জন্য প্রতিদিনই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।’