বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সাড়ে ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে পার্বত্য অঞ্চলের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা না হলেও ঘোষিত বাজেটের সাড়ে ৪৮ কোটি টাকা সরকার থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
জেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে গত সোমবার রাতে ঘোষিত বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ২৮ শতাংশ ও যোগাযোগে দ্বিতীয় সর্বোচ্চ ২০ শতাংশ ব্যয় করা হবে উল্লেখ করা হয়েছে। পরিষদের নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে মাত্র দুই কোটি টাকা। বাজেটে সংস্থাপনে (পরিষদের চেয়ারম্যান-সদস্য ও কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা) প্রায় নয় কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা ধরা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া শিক্ষার জন্য ১১ কোটি ১২ লাখ ১৩ হাজার ২০০ টাকা ব্যয় করা হবে। যোগাযোগ অবকাঠামো নির্মাণে ৭ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে এ পর্যন্ত মোট ২০টি বিভাগ হস্তান্তর করা হলেও বাজেটে সাতটি বিভাগে উন্নয়ন ব্যয় বণ্টন দেখানো হয়েছে। এতে শিক্ষা ও যোগাযোগ ছাড়া স্বাস্থ্য ও সমাজকল্যাণে ১৫ শতাংশ, কৃষি ও সেচে ১৪, বস্তুগত অবকাঠামো নির্মাণে ১৪, পশুসম্পদ ও মৎস্য বিভাগে ৪ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে ৩ শতাংশ ব্যয় ধরা হয়েছে। জেলার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য সর্বনিম্ন মাত্র ২ শতাংশ ব্যয় পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া পর্যটন, সমবায়, যুব উন্নয়ন, পল্লী উন্নয়নসহ বেশ কয়েকটি খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।
শিক্ষা ও যোগাযোগ খাতে গত অর্থবছরের কিছু ফিরিস্তি দেওয়া হলেও ঘোষিত বাজেটে আগামী দিনে কী করা হবে সে রকম কোনো পরিকল্পনা সম্পর্কে তুলে ধরা হয়নি। গত অর্থবছরে ১৩২ ছাত্রছাত্রীকে মাসিক বৃত্তি প্রদান, এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা ও ২৮ জন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলা হয়েছে। কিন্তু এসব খাতে ভৌত অবকাঠামো উন্নয়ন হয়েছে কি না কোনো কিছু উল্লেখ করা হয়নি।
বাজেট ঘোষণার সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, সদস্যরা, হস্তান্তরিত বিভাগের প্রধানেরা, বোমাং রাজার প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।