চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক অস্ত্রোপচারকক্ষ আছে। কিন্তু গত সাড়ে আট বছরে সেখানে একটি অস্ত্রোপচারও হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এতে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
সূত্র জানায়, দীর্ঘ সাড়ে আট বছর ধরে চিকিৎসক-সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচারকক্ষ ও দামি যন্ত্রপাতি কোনো কাজে আসছে না।
সূত্র জানায়, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর সেখানে অস্ত্রোপচারকক্ষের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ব্যবহার না হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার বারখাইনের বাসিন্দা আবুল কালাম (২৭) বলেন, ‘আমরা শুনেছি, এ হাসপাতালে আধুনিক অস্ত্রোপচারকক্ষ আছে। কিন্তু কক্ষটি কোনো দিন আমাদের কাজে আসেনি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল প্রথম আলোকে বলেন, শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচারকক্ষ রোগীদের কাজে আসছে না।