সাত অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি বিদেশি অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও গান পাউডারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মেহেরপুরে র‌্যাবের গুলিতে একজন আহত হন।র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম জহির (৩২), আনিসুর রহমান (৩৬) ও নজরুল ইসলাম (৩৫)। এঁদের কাছ থেকে ছয়টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ২৩ রাউন্ড গুলি, ১০টি ম্যাগাজিন, একটি গুলির খালি খোসা ও দুই কেজি গান পাউডার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম মেহেরপুরে চিকিৎসাধীন। বাকি দুজনকে ঢাকায় আনা হয়েছে। এঁদের দুজনকে গতকাল শুক্রবার সকালে উত্তরার র‌্যাব-১-এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ও র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহয়েল।সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের মেজর আহসানুল কবীর এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবুল হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অস্ত্রের ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায় আশরাফুলের বাড়িতে যান। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশরাফুল গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আশরাফুল আহত হন। ওই বাসা থেকে আশরাফুল ও আনিসুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুই কেজি গান পাউডার।সংবাদ সম্মেলনে আনিসুর জানান, খুলনার ময়লাপোতা সীমান্ত দিয়ে অস্ত্রগুলো বৃহস্পতিবারই ভারত থেকে আনেন। বিক্রির জন্য তাঁরা সেগুলো এনেছিলেন বলে জানান।