সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উভয় পক্ষের আপিলের সুযোগ রেখে আনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, এ বিষয়ে মতামত জানতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় সাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

সাত অ্যামিকাস কিউরি হলেন টি এইচ খান, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি এবং এ এফ হাসান আরিফ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ৩২তম দিনে কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি হয়। পরে আদালত এ আদেশ দেন। আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।