সাত আদর্শ মাকে সংবর্ধনা
ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার মতো বিশেষ অবদানের জন্য কক্সবাজার শহরের সাতজন আদর্শ মাকে গতকাল শনিবার ক্রেস্ট দিয়ে সমঞ্চাননা জানানো হয়েছে।
তাঁরা হলেন, লক্ষ্মী পাল, শান্তি সেন, নিহার বালা দেবী, পারুল পাল, মীনাক্ষী দাশ, শেফালী ভট্টাচার্য্য ও শিপ্রা দাশ। শহরের গোলদীঘির পাড়ের শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও ৪০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর আগে মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলার প্রবীণ আইনজীবী পীযূষ কান্তি চৌধুরী।
সংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক দুলাল ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রণব কান্তি চৌধুরী, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত দাশ, ডা. বিনয় পাল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র রাজ বিহারী দাশ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা প্রমুখ।
পীযূষ কান্তি চৌধুরী বলেন, মানবতাই হচ্ছে বড় ধর্ম। মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করা গেলে সমাজ থেকে সকল অসুন্দর ও অমঙ্গল দূর হয়ে যায়।