হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহানা খাতুন (৩৫) হত্যাকাণ্ডে সাত আসামিকে শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরই মধ্যে সিদ্দিক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পিবিআইয়ের হবিগঞ্জ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নিহত শাহানা খাতুন উপজেলার জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে। তিনি সন্তানসহ বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ মার্চ রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শাহানা। ২৭ মার্চ ওই গ্রামের একটি কবরস্থানে মাটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন শাহানার বোন নাছিমা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় ১৭ জুলাই ওই গ্রামের সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ছয়জন হলেন জালুয়াবাদ গ্রামের বাছির মিয়া, আবদুল করিম, গেদু মিয়া, কবির মিয়া, মনির মিয়া ও আলী আমজাদ। তাঁদের ওই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গতকাল জানানো হয়, দায়িত্ব পাওয়ার পর পিবিআই হবিগঞ্জ কার্যালয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম ১৭ জুলাই সিদ্দিক মিয়াকে নরসিংদীর শিবপুর ইটাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি আদালতকে জানান, তিনিসহ মোট সাতজন মিলে শাহানাকে হত্যা করেন। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাঁরা এ ঘটনা ঘটান বলে স্বীকারোক্তিতে জানান সিদ্দিক।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পিবিআইয়ের সিলেট বিভাগের দায়িত্বরত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক। উপস্থিত ছিলেন পিবিআইয়ের হবিগঞ্জ জেলা কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এমরান হোসেন ও পরিদর্শক হেলালুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এই মামলায় অপর ছয় অপরাধীকে তাঁরা শনাক্ত করেছেন। খুব শিগগির মামলার প্রতিবেদন দেওয়া হবে।