সাত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ও লাখেরা গ্রামে গত রোববার বৌদ্ধবিহার ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা ৩২ আসামির মধ্যে প্রথম পর্যায়ে সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পটিয়া থানার পুলিশ। গত বুধবার পটিয়া থানার পুলিশ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হলে ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমান দুই মামলায় তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন: শিকলবাহা গ্রামের আবদুল গফুরের ছেলে আবুল কাসেম (২৩), লাখেরা গ্রামের আবদুল মতিনের ছেলে মহিউদ্দিন (২১), মহিউদ্দিনের ছেলে রুবেল (২৫) ও মোহামঞ্চদ আলীর ছেলে ইব্রাহিম (২১), কোলাগাঁও গ্রামের নুরুন্নবীর ছেলে ইমরান (২১), আবদুল মন্নানের ছেলে এরশাদ (২৮) ও মতিউর রহমানের ছেলে আবদুর রহমান (২১)।পটিয়া থানার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসানের তত্ত্বাবধানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পটিয়া উপজেলার কোলাগাঁও ও লাখেরা গ্রামে বৌদ্ধবিহার ও মন্দির ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেছেন, রিমান্ডের প্রথম দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। অনেকে মুখ খুলছে না। এর মধ্যে কারাগারে থাকা অন্য আসামিদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদে এনে ঘটনার ইন্ধনদাতাসহ প্রকৃত রহস্য বের করার চেষ্টা চলছে। এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের বিহার ও শত বছরের পুরোনো বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার পটিয়া থানার মোড়ে সমিঞ্চলিত বৌদ্ধ সমাজ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হবে।