সাত আসামির ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর জেলার সদর থানার ভেলানগরে একই পরিবারের ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহের নেতৃত্বাধীন একক বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

সাত আসামি হলেন—আক্তারুজ্জামান ওরফে আক্তার, দুধ মিয়া, ফজলুল হক ওরফে ফজলু মেম্বার, জাহাঙ্গীর, স্বপন, শফিক ভূইয়া ও শহীদ মিয়া।
ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণের অনুমতি) ও আসামিদের আপিলের শুনানি শেষে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সাত আসামিকে খালাস দেন। বেঞ্চের অপর বিচারপতি সাত আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।
আদালত সূত্র জানায়, বিভক্ত রায়ের পর মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য ওই একক বেঞ্চে পাঠান। শুনানির পর আজ আদালত রায় দেন।
আদালতে ফজলুল হকের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা আর স্বপনের পক্ষে আইনজীবী সারওয়ার আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যর্টনি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
পরে ভীষ্মদেব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সমর্থ হওয়ায় আদালত সাতজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। ডেথরেফারেন্স মঞ্জুর করে ও আসামিদের আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়।
আইনজীবী মাসুদ রানা জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
উল্লেখ, ২০০৭ সালের ১৬ মে নরসিংদীর ভেলানগর গ্রামে একই পরিবারের ছয়জনকে হত্যা করা হয়। এই ঘটনায় একই বছরের ২২ মে নিহত সালমা বেগমের ভাই শাহজাহান ভুইয়া বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ১৫ আগস্ট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৮ সালের ১৭ মার্চ এক রায়ে নরসিংদীর একটি আদালত সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্সও হাইকোর্টে শুনানির জন্য আসে।