সাত আসামির ফাঁসির রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর থানার ভেলানগরে একই পরিবারের ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল
রেখেছেন হাইকোর্ট৷ বিচারপতি ভবানী প্রসাদ সিংহর নেতৃতাধীন হাইকোর্ট একক বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন৷
সাত আসামি হলেন: আক্তারুজ্জামান ওরফে আক্তার, দুধ মিয়া, ফজলুল হক ওরফে ফজলু মেম্বার, জাহাঙ্গীর, স্বপন, শফিক ভূঁইয়া ও শহীদ মিয়া৷
আইনজীবী সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ মে হত্যার ঘটনাটি ঘটে৷ নিহত সালমা বেগমের ভাই শাহজাহান ভূঁইয়া ২২ মে নরসিংদী সদর থানায় একটি মামলা করেন৷ অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ডাকাতিসহ হত্যার অভিযোগ আনা হয়৷ ২০০৮ সালের ১৭ মার্চ নরসিংদীর একটি আদালত সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন৷ এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে এবং ডেথ রেফারেন্সও শুনানির জন্য আসে৷
আদালত সূত্র জানায়, ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণের অনুমতি) ও আসামিদের আপিলের শুনানি শেষে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন৷ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সাত আসামিকে খালাস দেন৷ বেঞ্চের অপর বিচারপতি সাত আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন৷ পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য ওই একক বেঞ্চে পাঠান৷