সাত আসামির মৃত্যুদণ্ড
নীলফামারীর কিশোরগঞ্জে কৃষক আবদুল জব্বারকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল সোমবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসািমরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ঢেরাই ওরফে রফিকুল ইসলাম, মো. তুলাব, সৈয়দপুরের খাতা মধুপুর গ্রামের আতাহার আলী, জলঢাকার কাজীর হাট পূর্বপাড়া গ্রামের মহসীন আলী, রংপুরের গঙ্গাচড়ার খেচনী আলম বিদিতর গ্রামের মহু ওরফে মহুবার ডাকাত, কিশোরগঞ্জের উত্তর কুঠিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক, রংপুর জেলা সদরের মন্থনা মাজারের পার গ্রামের মিন্টু মিয়া ওরফে শাহিন ওরফে বিটুল ওরফে জাহাঙ্গীর। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর গ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে মামুন ও অফিসার রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ২৭ জুলাই রাত ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আবদুল জব্বারকে অভিযুক্ত ব্যক্তিরা বাড়ি থেকে ডেকে একই ইউনিয়নের নয়নখাল গ্রামে নিয়ে গিয়ে হাত-পা ও চোখ বেঁধে গলা কেটে হত্যা করেন।