সাত ইউনিয়নে পরিষদের ভবন না থাকায় জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাতটিতেই ভবন নেই। এতে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে পরিষদ থেকে নানা রকম সেবা পেতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে সেলবরষ, পাইকুরাটি ও ধরমপাশা সদর ইউনিয়নে ইউপি কমপ্লেক্স ভবন আছে। সুখাইড় রাজাপুর উত্তর, চামরদানী ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। আর মধ্যনগর, জয়শ্রী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কার্যক্রম চলছে জরাজীর্ণ কমিউনিটি সেন্টারে। বৃষ্টি হলেই এসব ভবনে পানি পড়ে। এ কারণে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্র থেকে আশানুরূপ সেবা পাচ্ছেন না। পাশাপাশি নানা ধরনের পরামর্শ ও উন্নয়নমূলক সেবা থেকেও তাঁরা বঞ্চিত রয়েছেন। চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের কৃষক নূরুল হক (৫২) জানান, তাঁদের ইউনিয়নে পরিষদের কোনো কার্যালয় নেই। কোনো সেবা পাওয়ার জন্য তাঁদের ছয় কিলোমিটার দূরে মধ্যনগর ইউনিয়নে অস্থায়ী কার্যালয়ে যেতে হয়। এতে চেয়ারম্যানের পরিচয়পত্র, কৃষিবিষয়ক পরামর্শ, ভিজিডির চাল ও সরকারি সুযোগ-সুবিধা পেতে গিয়ে তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে। বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান জামাল হোসেন জানান, দীর্ঘদিন স্থানীয় বাজারে একটি ভবন ভাড়া করে পরিষদের কার্যক্রম চালাতে হচ্ছে। ইউনিয়নে শিক্ষা, পরিবার পরিকল্পনা, কৃষিসহ মোট ১৩টি স্থায়ী কমিটি রয়েছে। কিন্তু ভবন না থাকায় এসব কমিটির কার্যক্রমের আশানুরূপ সুফল এখানকার লোকজন পাচ্ছেন না। বংশীকুণ্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, ‘জরাজীর্ণ কমিউনিটি সেন্টার সংস্কার করে সেখানে কোনোরকমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ উপজেলার ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, উপজেলার মধ্যনগর ও চামরদানী ইউনিয়নে কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে। কমপ্লেক্স ভবন না থাকায় জনসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব যথাযথ উদ্যোগ নেওয়া হবে।