
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আটটি ইউনিয়নের সাতটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছে। দলে একাধিক প্রার্থী থাকায় সাধারণ কর্মী-সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকার সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগে বিদ্রোহীরা মাঠে থাকলে দলীয় প্রার্থীরা এককভাবে প্রভাব বিস্তার করার সুযোগ কম পাবেন। বিদ্রোহীরা কোনোভাবেই ছাড় দিতে চাইবেন না। এ কারণে নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে বিএনপির প্রার্থীদের জন্য ভালো সুযোগ সৃষ্টি হবে।
উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন। ২ নম্বর চরপার্বতী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোজাম্মেল হোসেন। এই ইউনিয়নেও বিদ্রোহী প্রার্থী রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন।
জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রার্থী নির্বাচনে তৃণমূলের ভোটের ফলাফল হাইজ্যাক করা হয়েছে।’ তাঁর দাবি, তৃণমূলের ভোটাভুটিতে তিনি পেয়েছেন ২২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী পায় ১১ ভোট। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হোসেন বলেন, ‘মনোনয়নের মালিক দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করেছেন, সেটি সিদ্ধান্ত দিয়েছেন। কারণ, তৃণমূলে লাখ লাখ টাকার বিনিময়ে ভোট কেনার বিষয়েও আলোচনা আছে।’
৩ নম্বর চরহাজারীতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান স্বপন। ৪ নম্বর চরকাঁকড়ায় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম।
গোলাম হোসেন চৌধুরী অভিযোগ করেন, তাঁর ইউনিয়নের কাউন্সিলরদের বাধ্য করা হয়েছে উপজেলা নেতাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে। এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
৫ নম্বর চরফকিরায় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বড় ভাই সলিম উল্লাহ। ৬ নম্বর রামপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আমেরিকাপ্রবাসী ইকবাল বাহার চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আহমদ।
৭ নম্বর মুছাপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ৮ নম্বর চরএলাহী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রেজ্জাক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি।
প্রার্থী মনোনয়ন নিয়ে বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নেই তৃণমূলের নেতাদের মতামত ও ভোটাভুটির মাধ্যমে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরপরও কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।