সাত ইউপিতে আ.লীগ ও বিএনপির ১৪ 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে সাতটিতে আওয়ামী লীগের নয়জন ও বিএনপির পাঁচজন ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়েছিল, কিন্তু তাঁরা সেটি করেননি। এখন দলীয়ভাবে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় প্রার্থীর পক্ষেই নেতা-কর্মীদের কাজ করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আর বিদ্রোহীরা বলছেন, নিজ নিজ এলাকায় তাঁদের জনসমর্থন আছে। দলীয় নেতা-কর্মী এবং এলাকার মানুষের চাপেই তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলার আট ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৪১ জন। এর মধ্যে আওয়ামী লীগের আটজন, বিএনপির আট, জমিয়তে উলামায়ে ইসলামের দুই, জাতীয় পার্টির এক এবং খেলাফত মজলিসের একজন প্রার্থী আছেন। অন্যরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন ১৪ জন।
জানা গেছে, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন সাতজন। আওয়ামী লীগের প্রার্থী হলেন জসিম উদ্দিন ও বিএনপির লুৎফুর রহমান ওরফে খোকন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চারজন, বিএনপির একজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. শফিকুর রহমান, সৈয়দ হোসেন জায়গীরদার, জাহাঙ্গীর আলম, হযরত আলী ও বিএনপির এমদাদুল হক ওরফে স্বপন। শফিকুর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান।
পূর্ব বীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ছয়জন। আওয়ামী লীগের প্রার্থী হলেন রিয়াজুল ইসলাম, বিএনপির তোফায়েল আহমদ। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন ছালেক উদ্দিন।
পাথারিয়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন পাঁচজন। আওয়ামী লীগের প্রার্থী হলেন আবুল ফয়েজ, বিএনপির বর্তমান চেয়ারম্যান আমিনুর রশিদ। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন শহিদুল ইসলাম, বিএনপির শামস উদ্দিন।
পূর্ব পাগলা ইউপিতে প্রার্থী আছেন সাতজন। এখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন ফয়জুল করিম, বিএনপির আবু তাহের। এখানে বিএনপির বিদ্রোহী হলেন আক্তার হোসেন।
শিমুলবাক ইউপিতে প্রার্থী আছেন পাঁচজন। আওয়ামী লীগের প্রার্থী হলেন মিজানুর রহমান ওরফে জিতু, বিএনপির সৈয়দুর রহমান। এখানে আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ মিয়া, শাহীনুর রহমান; বিএনপির কবির আহমদ।
জয়কলস ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হলেন চারজন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদ মিয়া, বিএনপির শামসুন্নুর। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী হলেন রাজা মিয়া।
পশ্চিম পাগলা ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জগলুল হায়দার, বিএনপির আজিজুর রহমান। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন নুরুল হক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম বলেন, বিদ্রোহীদের নিয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে। তাঁদের নির্বাচন থেকে সরে যেতে বলা হবে। এরপরও যদি তাঁরা সেটি না করেন, তা হলে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, ‘আমরা পরিষ্কারভাবে সবাইকে বলে দিয়েছি, দলের প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের কাজ করতে হবে। এই বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
এই উপজেলার আট ইউপিতে ২৩ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।