সাত ইউপিতে আ.লীগের ২০ 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন ৪২ জন। এর মধ্যে আওয়ামী লীগের আটজন প্রার্থী ছাড়াও সাত ইউপিতে দলের ২০ জন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। ৭ মে উপজেলায় ভোট হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর ইউপিতে আওয়ামী লীগের তিনজন, চান্দলায় পাঁচজন, সাহেবাবাদে দুজন, শশীদলে তিনজন, মাধবপুরে একজন, শিদলাইয়ে চারজন এবং দুলালপুর ইউপিতে দুজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপি ছয় ইউপিতে প্রার্থী দিলেও সদর ও চান্দলায় প্রার্থী দেয়নি। শশীদলে জাতীয় পার্টি ও মালাপাড়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী দিয়েছে। বাকি ছয়জন স্বতন্ত্র প্রার্থী।
সদর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জমির হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুছ ছাত্তার মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন।
চান্দলায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা আলী। এখানে বিদ্রোহী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া, চান্দলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন ও মো. শাহিনুর আলম। এ ছাড়া জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত মো. রহমত উল্লাহ খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সাহেবাবাদ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ছারোয়ার খান দলীয় মনোনয়ন পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম ও উপজেলা ছাত্রলীগের সদস্য মনির হোসেন।
শশীদলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সদস্য আতিকুর রহমান।
মাধবপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. ফরিদ উদ্দিন। এখানে বিদ্রোহী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ।
শিদলাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন মুহাম্মদ। বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান সরকার ও গোলাম ছামদানী সরকার।
দুলালপুরে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোনায়েম খান ও জামাল হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
মালাপাড়া ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা শেখ হাসিনার মনোনীত দলীয়প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দল সভা করে ব্যবস্থা নেবে।