সাত ইউপিতে আট বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নের সাতটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আটজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ওই বিদ্রোহী প্রার্থীরা জোরেশোরে প্রচারণাও চালাচ্ছেন। এ নিয়ে বিপাকে পড়ছে আওয়ামী লীগ।
চতুর্থ দফায় আগামী ৭ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলার রসুলপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর। এখানে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রবিউল করিম। গফুর বলেন, ‘দল আমার মূল্যায়ন করেছে। আশা করি, আমি জয়ী হব।’
দামোদরপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দলীয় মনোনয়ন পান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান মনোয়ারুল হাসান। মনোয়ারুল বলেন, ‘বিদ্রোহী কি না, জানি না। তবে এলাকার অনেক উন্নয়ন করেছি। তাই জনসাধারণের দাবির মুখে প্রতিদ্বন্দ্বিতা করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
ফরিদপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাহার আহম্মেদ। কাহার দাবি করেন, ‘আমি বিদ্রোহী নই। তিন মাস আগে দল থেকে পদত্যাগ করেছি।’ নুর আজম মণ্ডল বলেন, ‘আমার মাধ্যমে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। আশা করি, পুনর্নির্বাচিত হব।’
ধাপেরহাট ইউনিয়নে দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল কবির। এখানে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। রফিকুল বলেন, ‘দল আমার মূল্যায়ন করেনি। এরপরও আমি জয়ী হব বলে আশা করছি।’
ইদিলপুর ইউনিয়নে দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা কৃষক লীগের সদস্য জহুরুল ইসলাম।
কামারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল গণি সরকার। স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামছুল আলম। আবদুল গণি বলেন, ‘ওই প্রার্থী আমার ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারবে না।’
খোর্দ্দকোমরপুর ইউনিয়নে রেহেনা আক্তারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এখানে স্বতন্ত্র প্রার্থী নজল হোসেন।
দামোদরপুর ইউনিয়নের কয়েকজন ভোটার বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে আওয়ামী লীগের প্রার্থীরা বিপাকে পড়বেন। কারণ, তাঁদের ভোট ভাগাভাগি হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী থাকলে দলীয় প্রার্থীর ক্ষতি হবে। নৌকার ভোট ভাগাভাগি হবে। অথচ দল তাঁদের বসাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপাকে পড়বেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থীরা এলাকায় বড় মাপের নেতা নন। তাঁদের জনপ্রিয়তা নেই। তাই বিদ্রোহীর কারণে নৌকার কোনো ক্ষতি হবে না। এরপরও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।