রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে তিনটিতে ধানের শীষের প্রতীকের কোনো প্রার্থী নেই। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
তৃণমূল ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দিতে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চারজন চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁরা হলেন ইসলামপুর ইউপিতে আবুল হোসেন খান, বালিয়াকান্দি সদরে মশিউল আযম চুন্নু, নবাবপুরে রফিকুল ইসলাম ওরফে বাচ্চু ও বহরপুরে রেজাউল করিম। রেজাউল করিম বছর খানেক আগে আওয়ামী লীগে যোগ দেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আবুল হোসেন খান উপজেলা কমিটির সভাপতি, মশিউল আযম সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতাদের মতামতের ভিত্তিতে সাতটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। তাঁরা হলেন ইসলামপুরে আবুল হোসেন, বালিয়াকান্দি সদরে মশিউল আযম, নবাবপুরে রফিকুল ইসলাম, জামালপুরে মীর মনিরুজ্জামান, বহরপুরে সিরাজুল ইসলাম কালন, নারুয়ায় আবদুল ওহাব মণ্ডল ও জঙ্গল ইউনিয়নে ইউসুব আলী। তবে তৃণমূলের এ সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বালিয়াকান্দি সদর, নারুয়া ও জামালপুর ইউনিয়নে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সমর্থকদের মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে আবুল হোসেন খান দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বহরপুর ও জঙ্গল ইউনিয়নেও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেননি।
এ ছাড়া বালিয়াকান্দি সদরের বর্তমান চেয়ারম্যান মশিউল আযম বিএনপির সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়নে হারুন-অর-রশিদের অনুসারী উপজেলা যুবদলের সভাপতি জাফর আলী মিয়া ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ইসলামপুর, বহরপুর ও জঙ্গল ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী নেই।
ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান বলেন, ‘আমি দুবার নির্বাচনে অংশ নিয়ে দুবারই বিজয়ী হয়েছি। দলীয় গঠনতন্ত্র মেনে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু দল এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বা উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করে নাই। এতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এতে মোট ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২৯ ও ৩০ মার্চ যাচাই-বাছাই শেষে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। ২৩ এপ্রিল সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৬ জন। বর্তমানে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান রয়েছেন চারজন ও বিএনপির তিনজন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দলীয় ফোরামে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।