সাত ইউপির ভিজিএফের চাল ফেরত যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা অনুমোদন নিয়ে জটিলতার কারণে রাজশাহীর বাগমারার সাতটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ হচ্ছে না। এতে সাড়ে সাত হাজার দুস্থ ও প্রতিবন্ধী মানুষ ভিজিএফের চাল থেকে বঞ্চিত হচ্ছে। ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তালিকা নিয়ে বিরোধের কারণে এ জটিলতার তৈরি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ২১ হাজার ৫০০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের জন্য বরাদ্দ আসে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে মেয়র ও চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা চাওয়া হয়। উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা ইউনিয়ন ভিজিএফ কমিটির সঙ্গে ভাগাভাগি করে তালিকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। অন্যদিকে গণিপুর, বড়বিহানালী, মাড়িয়া, ঝিকড়া, যোগীপাড়া, হামিরকুৎসা ও সোনাডাঙ্গা ইউনিয়নের আলাদা আলাদা তালিকা করে জমা দেওয়া হয়। একটি তালিকা করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও অন্যটি ইউনিয়ন ভিজিএফ কমিটি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভিজিএফ কমিটির সদস্যরা আওয়ামী লীগের নেতা-কর্মী। এই সাত ইউনিয়নের চেয়ারম্যানেরা বিএনপির সমর্থক বলে জানা গেছে। সংশ্লিষ্ট চেয়ারম্যানেরাও এর সত্যতা স্বীকার করেছেন। বড়বিহানালী ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা পুরো তালিকাই নিজেরা তৈরি করে তাঁদের দলীয় লোকজনদের মধ্যে চাল বিতরণ করতে চান।উপজেলা ভিজিএফ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ওই সাত ইউনিয়নের দুই রকম তালিকা পাওয়া গেছে; একটি ইউপি চেয়ারম্যান জমা দিয়েছেন, অপরটি আওয়ামী লীগের লোকজন। ইউপি চেয়ারম্যানদের তালিকায় নিয়মানুযায়ী সাংসদের সুপারিশ না থাকায় তাঁদের ডিও দেওয়া যায়নি। আর সাংসদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের তালিকা অনুমোদনের পরামর্শ দিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের নেতা-কর্মীদের তালিকা অনুমোদনের সুযোগ নেই। তাই তাঁদেরও ডিও দেওয়া যায়নি। এ জন্য এই সাত ইউনিয়নে ঈদের আগে চাল বিতরণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। ঈদের আগে চাল উত্তোলন করা না গেলে ওই সাত ইউনিয়নের জন্য বরাদ্দ ৭৭ দশমিক ৬ মেট্রিক টন চাল ফেরত যাবে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমানও একই কথা বলেছেন। হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, তাঁর মতামত না নিয়ে ইউনিয়নের ভিজিএফ কমিটি তালিকা তৈরি করে উপজেলা ভিজিএফ কমিটির কাছে দাখিল করেছে। আর তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যদের দিয়ে আরকেটি তালিকা করে অনুমোদনের জন্য জমা দিলেও সেটি অনুমোদন দেওয়া হয়নি। একই রকম কথা বলেছেন ঝিকড়া ইউপির চেয়ারম্যান সাইদুজ্জামান। ভিজিএফ কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ এনামুল হক হজ পালনের জন্য সৌদি আরবে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।