সাত উপজেলায় ভেটেরিনারি সার্জনের পদ শূন্য
জনবলের অভাবে কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় ৯৮ লাখ ৭২ হাজার ৮৪৯টি গবাদিপশু ও হাঁস-মুরগির কাঙ্ক্ষিত পরিচর্যা হচ্ছে না। জেলার সাত উপজেলায় ভেটেরিনারি সার্জন এবং একটি উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। রয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর সংকট।এ ছাড়া চারটি উপজেলায় নিজস্ব কোনো ভবন নেই। দুটি উপজেলার ভবন যাচ্ছেতাই। অন্যদিকে সরকারি হাঁস-মুরগির খামার কুমিল্লার হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তার দুটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। সেখানে এখন কেবল মুরগির খামার রয়েছে। এ অবস্থার মধ্য দিয়ে জেলার প্রাণিকুল টিকে আছে।কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার প্রাণিসম্পদ বিভাগে ১৮৪টি পদ রয়েছে। এর মধ্যে ৪১টি পদ শূন্য এবং পাঁচজন প্রেষণে অন্যত্র চাকরি করছেন। এর মধ্যে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রেষণে ঢাকায় কাজ করছেন। উপজেলাগুলোর মধ্যে নাঙ্গলকোটে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন নেই। তা ছাড়া চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, মেঘনা, মুরাদনগর, বরুড়া ও সদর দক্ষিণে ভেটেরিনারি সার্জন নেই। একই সঙ্গে ৩৭টি কর্মচারীর পদ শূন্য। এদিকে কুমিল্লার নবগঠিত চার উপজেলা মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, তিতাস ও মেঘনা উপজেলায় এখনো উপজেলা প্রাণিসম্পদ ভবন তৈরি হয়নি। উপজেলা কমপ্লেক্সের দুটি কক্ষে কোনো রকমে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোনো ভবনগুলোর মধ্যে দাউদকান্দি ও হোমনার অবস্থা তেমন ভালো নয়। স্যাঁতসেঁতে পরিবেশে সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন। তার ওপর ভবনের পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলে পানি পড়ে।জানা গেছে, কুমিল্লা জেলায় বর্তমানে নিবন্ধনকৃত এক হাজার ২২৫টি গাভির দুগ্ধখামার, ১৭টি ছাগলের খামার, দুটি ভেড়ার খামার, ৪২১টি লেয়ার খামার (ডিমপাড়া মুরগি), ব্রয়লার খামার এক হাজার ১২৩টি, হাঁসের খামার ২০টি এবং লেয়ার প্যারেন্টস খামার আছে একটি। এসব নিবন্ধিত খামারে গবাদিপশু (গরু ও ছাগল) আছে ১৫ লাখ ৯২ হাজার ৭৬২টি। হাঁস-মুরগি আছে ৮২ লাখ ৮০ হাজার ৮৭টি।কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা গত বুধবার বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘লোকবলের অভাবে প্রত্যাশা অনুযায়ী আমরা গবাদিপশু ও হাঁস-মুরগির পরিচর্যা ঠিকমতো করতে পারছি না। তার পরও সীমিত ওষুধ ও লোকবলের মাধ্যমে কাজ করে যাচ্ছি। কুমিল্লা জেলার গবাদিপশু অনুসারে প্রতি ইউনিয়নে একজন করে ডাক্তার দরকার। কিন্তু পদ সৃষ্টি না হওয়ায় সেটি হচ্ছে না। জনবলের কারণে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। শূন্য পদগুলোর ব্যাপারে আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছি।’সরকারি হাঁস-মুরগির খামারেও একই অবস্থা: উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মণের কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার চার একর জমিতে সরকারি হাঁস-মুরগির খামার অবস্থিত। ১৯৫৬ সালে ওই খামার গড়ে ওঠে। সেখানে পর্যাপ্ত জায়গা, তিনটি পুকুর থাকা সত্ত্বেও হাঁস পালন হচ্ছে না। কেবল মুরগি পালন করা হচ্ছে। বর্তমানে ওই খামারে আট হাজার ৫০০ মুরগির বাচ্চা রয়েছে। এখানকার ১৯টি পদের মধ্যে পাঁচটি পদ শূন্য। এর মধ্যে হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তার দুটি পদই শূন্য। জ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ পদ দুটি শূন্য থাকায় মুরগির বাচ্চার ঠিকমতো পরিচর্যা হচ্ছে না বলে সেখানকার কর্মচারীরা জানিয়েছেন। এখানে টেকনিশিয়ান, নৈশপ্রহরী ও একজন কর্মচারী নেই।সরকারি হাঁস-মুরগির খামার কুমিল্লার সহকারী পরিচালক এ বি এম জানে আলম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ দুটি শূন্য রয়েছে। আমরা এখানে এক দিনের মুরগির বাচ্চা এনে থাকি। এক মাস পর এগুলো বিক্রি করা হয়। পর্যাপ্ত শেড ও পুকুর থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে হাঁস পালন হচ্ছে না।