দুর্নীতির অভিযোগে জেলা রেজিস্ট্রারসহ ছয়-সাতজন কর্মকর্তা ও দুজন দলিল লেখকের বিরুদ্ধে মামলা হয়েছে। পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোশারফ হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার ঈশ্বরদী থানায় এই মামলা করেন। মামলায় আসামিরা হলেন, ঈশ্বরদীর সাবেক সাব-রেজিস্ট্রার ও বর্তমানে নাটোর জেলা রেজিস্ট্রার আবদুল রশিদ, ফেনীর সাব-রেজিস্ট্রার তাজিবর রহমান, সদ্য অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম, আবদুল বারিক মিঞা, অসীম কুমার কুণ্ডু, মানিকগঞ্জ জেলার শিবালয়ের সাব-রেজিস্ট্রার মোশারফ আলী, ঈশ্বরদীর দলিল লেখক আব্দুস সাত্তার ও আক্তার হোসেন খান। এই রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারেরা এর আগে ঈশ্বরদীতে বিভিন্ন সময়ে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে কর্মরত অবস্থায় পরস্পর যোগসাজশে এই আটজন নিজেরা লাভবান হয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁরা ঈশ্বরদী উপজেলার নারিচা (এসএ), পাতিলাখালী ও চরমিরকামারী মৌজার জমির শ্রেণী পরিবর্তন করে সরকার নির্ধারিত গড় মূল্যের চেয়ে কম মূল্য দলিলে লিখে রেজিস্ট্রার কর্ম সম্পন্ন করেন। এভাবে তাঁরা সরকারের পাঁচ লাখ ৩১ হাজার ৪৬৬ টাকার রাজস্ব ক্ষতি সাধন করেছেন। পাবনা দুদকের উপসহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করা হবে। অভিযুক্ত সাব-রেজিস্ট্রারেরা ওই দুজন দলিল লেখকের যোগসাজশে এই দুর্নীতি করেছেন। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) ইসরাইল হোসেন জানান, মামলার আসামিদের গ্রেপ্তার ও তদন্তসহ যাবতীয় কাজ পরিচালনা করবে দুদক। ঈশ্বরদী থানায় তাঁরা শুধু মামলাটি রেকর্ড করেছেন।