নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালত ছয় ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। এর মধ্যে গত শনিবার একজনের এবং গত শুক্রবার ছয়জন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়। একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের ৪১ নং ওয়ার্ডে গত তিন জুন থেকে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।সূত্র জানায়, শনিবার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত রেজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। পোস্টারে প্রকাশকের (মুদ্রণ প্রতিষ্ঠানের) নাম, ঠিকানা ও তারিখ না থাকায় এবং একটি সিএনজি অটোরিকশায় লাগানো স্টিকার থাকায় প্রার্থীকে এ জরিমানা করা হয়।জানা গেছে, অন্যান্য আদালত কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের দেয়ালে লাগানো স্টিকার ও লিফলেট তুলে নিতে বাধ্য করেন। এসব প্রার্থীর সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার পাঁচ ওয়ার্ডের ছয় কাউন্সিলর প্রার্থীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ১৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের একজন করে প্রার্থীকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। ২৯ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। ৯ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে একজন করে প্রার্থীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।