সাত কারখানাকে ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের সাতটি কারখানাকে এক কোটি নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে একটি দল ১০ সেপ্টেম্বর গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানার ইটিপি কার্যক্রম পর্যবেক্ষণ করে। পাশাপাশি তারা পরিশোধনাগার থেকে পানি সংগ্রহ করে।
পানি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে ও অন্যান্য অনিয়মের দায়ে টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেডকে ৫০ লাখ টাকা, কোনাবাড়ির প্যাসিফিক ফাইবার করপোরেশনকে ১৯ লাখ টাকা, একই এলাকার ভাজন অ্যাপারেলসকে পাঁচ লাখ টাকা, লাইফ টেক্সটাইলকে পাঁচ লাখ টাকা, কেমিও ইউএসও নিট ওয়্যারকে ১৫ লাখ টাকা, বোর্ডবাজার কলমেশ্বর এলাকার ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ১০ লাখ টাকা এবং কড্ডা এলাকার ফাইবার সাইন ইন্ডাস্ট্রিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।