সাত কিলোমিটার মাটির রাস্তা দুর্ভোগে সাত গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুর নদের তীর ঘেঁষে সাত কিলোমিটারের মাটির রাস্তা বেহাল। অথচ এটি মংলা উপজেলার চিলা ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। বিভিন্ন নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজ কিছুই হয় না।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, পশুর নদের তীর ঘেঁষে চলে গেছে এ রাস্তা। নদের পাড় ভেঙে রাস্তা কোথাও কোথাও সরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার দক্ষিণে সুন্দরবন-সংলগ্ন চিলা ইউনিয়ন। ইউনিয়নের কলাতলা, আমতলা, তেলীখালী, সুন্দরতলা, কোলাবাড়ি, কাটাখালী ও কলাবাড়ি গ্রামে দুই হাজারের বেশি মানুষের বসবাস। এ সাতটি গ্রামের ওপর দিয়ে এ রাস্তা গেছে।
এখানকার অধিকাংশ বাসিন্দা মাছ ধরে সংসার চালান। ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে তাঁরা এখানে টিকে আছেন। এলাকার বাসিন্দাদের পার্শ্ববর্তী হাটবাজার ও উপজেলা সদরে যাতায়াতের জন্য এটি একমাত্র রাস্তা।
কলাতলা গ্রামের মুদি দোকানদার সুরঞ্জন মিস্ত্রি বলেন, এ রাস্তা দিয়ে হেঁটে ইউনিয়নের বৈদ্যমারী, জয়মনি ও চিলা বাজারে যেতে হয়। বর্ষা মৌসুমে খুব কষ্ট হয়। তখন মংলা শহরে যাওয়ার জন্য নৌকা বা ট্রলার ছাড়া বিকল্প থাকে না। এতে ৩০ মিনিটের রাস্তা পার হতে লাগে দুই ঘণ্টা।
জেলে শুকলাল বিশ্বাস বলেন, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় তাঁরা মাছের ন্যায্য দাম পান না। ভোট এলেই প্রার্থীরা পাকা রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি আর পাকা হলো না।
স্থানীয় বাসিন্দারা বলেন, ২০১৪ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রাস্তাটির দেড় কিলোমিটার অংশে ইট বিছিয়ে দেয়। ওই অংশটুকুও নষ্ট হয়ে গেছে। কোনো কোনো জায়গায় ইট খসে পড়েছে, আবার কোথাও ইটের চিহ্ন নেই।
সুন্দরতলা গ্রামের শেফালি অধিকারী বলেন, ‘মাটির রাস্তায় কোনো ভ্যান বা রিকশা চলে না। কেউ অসুস্থ হইয়ে পড়লি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে কী যে কষ্ট হয়, তা বইলে বুজোনো যাবে না। বর্ষাকালে মহিলা আর বাচ্চারা তো ঘরের বারি যাওয়ার কথা চিন্তাও করতি পারে না। এহন সারা দেশে পাকা রাস্তা থাকলিও আমাগে চলতি হচ্ছে মাটির রাস্তা দিয়ে।’
এ ব্যাপারে চিলা ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামতে এখন পর্যন্ত সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘রাস্তাটি পশুর নদের পাশে হওয়ায় এটি মাটি দিয়ে রক্ষা করা যায় না। নদে ভেঙে যায়। ফলে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেকের নির্দেশে ওই এলাকার রাস্তার জন্য একটি বিকল্প জায়গা দেখছি। জায়গা পাওয়া গেলে খুব দ্রুত কাজ শুরু করা হবে।’