নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে গতকাল রোববার প্রায় সাত কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও সমাবেশে হাজারো মানুষ অংশ নেয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী শহরের সোনাপুর থেকে নোয়াখালী গেট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
সড়কের দুই পাশে ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে দল-মতনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মর্সচিতে অংশ নেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যোগ দেন। প্রায় দেড় ঘণ্টার এ কর্মসূচি চলাকালে জনস্রোতের কারণে শহরের প্রধান সড়কে (চৌমুহনী-মাইজদী-সোনাপুর) যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণা দাবির এ কর্মসূচি গতকাল জেলার সোনাইমুড়ী, বেগমগঞ্জ, সুবর্ণচর, সদর ও কবিরহাট উপজেলাতেও পালন করা হয়।
শহরের কর্মসূচিতে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, শ্রমজীবী বিভিন্ন সংগঠনের সদস্য, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গতকাল সকাল থেকে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি সংবলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন জেলা শহরের টাউনহল মোড়ের দুই দিকে প্রধান সড়কের (চৌমুহনী-মাইজদী-সোনাপুর) ওপর অবস্থান নেন। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। তিনি কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।