সড়কের অনেক স্থানে পিচ নেই, পাথর উঠে গেছে। বৃষ্টিতে কয়েক শ খানাখন্দ তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ও পণ্যবোঝাই গাড়ি। কয়েক বছর ধরে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের এ অবস্থা। প্রতিদিন কয়েক হাজার যাত্রী এই সড়কে যাতায়াত করে।
সড়কের ১৭ কিলোমিটার খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সাত কিলোমিটারের অবস্থা খুব খারাপ। এ কারণে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি কম গতিতে চালাতে হয় বলে সন্ধ্যার পর ভয়ে অনেকে এই সড়কে যানবাহন নিয়ে আসেন না।
সড়কের বেহাল দশার কথা স্বীকার করে কর্তৃপক্ষের দাবি, গত ১০ বছরে এই মহাসড়কে কোনো মজবুত কাজ হয়নি। আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে মহাসড়কটি প্রাণ ফিরে পাবে।
সড়ক ও জনপথ বিভাগের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া শহরতলির বটতৈল থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দূরত্ব ১৭ দশমিক ৬৪ কিলোমিটার। ২০০৫ সালে সর্বশেষ বড় ধরনের সড়কের মেরামতকাজ হয়েছে। ২০১১ ও ২০১৪ সালে জরুরি পুনর্বাসনের আওতায় কিছু মেরামত হয়েছে। এ ছাড়া আর কোনো কাজ হয়নি।
সম্প্রতি সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, এই সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে মীরপুর উপজেলার হালশা পর্যন্ত সাত কিলোমিটার অংশের পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। অনেক যাত্রী অতিরিক্ত ৪০ কিলোমিটার পথ ঘুরে ঝিনাইদহ হয়ে যাতায়াত করছে। এতে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা ও সময় লাগছে।
এ সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরা জানান, কয়েক বছর আগে কুষ্টিয়ার ১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগত ৩০ মিনিট। এখন লাগছে দেড় ঘণ্টা। অসংখ্য গর্তের কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার বলেন, এই সড়কের সাত কিলোমিটারের অবস্থা খুব খারাপ। সেটা মজবুত করা হবে। বাকি ১০ কিলোমিটার সড়কের ওপরের অংশে দুই ইঞ্চি পুরু কার্পেটিং করা হবে। আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে এই সড়কের পুরো কাজ শেষ করা সম্ভব হবে।