কোথাও পিচ উঠে খোয়া বের হয়ে আছে। কোথাও পিচ-খোয়া দুই-ই উঠে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় নওগাঁর বদলগাছি-আক্কেলপুর সড়কের চকতাহের গ্রাম থেকে ভাণ্ডারপুর পর্যন্ত ৭ কিলোমিটার অংশের এ অবস্থা। সড়কটি দিয়ে যানবাহন দূরের কথা, হাঁটাও কষ্টকর।
এলাকাবাসী বলেন, নওগাঁর বদলগাছি উপজেলা সদর থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এর মধ্যে ওই ৭ কিলোমিটারের অবস্থা বেশি বেহাল। ২০০৮ সালের পর আর সড়কটি মেরামত করা হয়নি। সড়কটি নওগাঁ সওজ বিভাগের। মাঝেমধ্যে সওজের লোকজন এসে খোয়া ফেলে গর্তগুলো ভরাট করে দিয়ে যায়। এতে দুর্ভোগ কমার বদলে যায় বেড়ে।
নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক গত বুধবার বলেন, এরই মধ্যে সড়কটি সংস্কারের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, আক্কেলপুর উপজেলা সদর থেকে পশ্চিমে আধা কিলোমিটার দূরেই বদলগাছি উপজেলার মধ্য দিয়ে যাওয়া রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। ভাণ্ডারপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালক মোসলেম উদ্দিন বলেন, এমনিতেই সড়কটি অপ্রশস্ত। তার ওপর পিচ-খোয়া উঠে গেছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এ সড়েক চলাচল করতে হচ্ছে।
ভোলার পাশা গ্রামের বাসিন্দা ও আক্কেলপুর উপজেলা সদরের তৈরি পোশাক ব্যবসায়ী আবু রায়হান বলেন, ‘মোটরবাইক নিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার এ সড়কে চলাচল করতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে উপজেলা সদরে পৌঁছাতে যে সময় লাগে, ততক্ষণে বাড়ি থেকে চারবার যাতায়াত করা সম্ভব।’
ব্যাটারিচালিত অটোরিকশার চালক কালাম হোসেন বলেন, ‘রাস্তা বেহালের কারণে গাড়ি চালাতে চাই না। সংসারের কথা চিন্তা করে কষ্ট করে গাড়ি চালাচ্ছি।’
বদলগাছির কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, সড়কটির ভাঙাচোরা অংশের বেশির ভাগই তাঁর ইউনিয়নে। তিনি সড়কটি সংস্কারে উপজেলা মাসিক সমন্বয় সভায় আলোচনা করেছেন।