সাত কিলোমিটার খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়কের সাত কিলোমিটারে পিচ-বিটুমিন উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আশপাশের ৫০ গ্রামের মানুষ এই সড়ক নিয়ে দুর্ভোগে রয়েছে।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জেলা সড়ক নামে পরিচিত শেরপুর-নন্দীগ্রাম ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটি তত্ত্বাবধান করে। এ সড়কটি নাটোর ও রাজশাহী জেলার সঙ্গে কম সময় ও খরচে সহজে যোগাযোগের একমাত্র পথ। বিকল্প পথে বগুড়া ঘুরে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত পাড়ি দিতে হয়।
স্থানীয় বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে প্রতিবছর দুই ঈদের ছুটিতে জেলার নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার প্রায় ৩০ হাজার পোশাককর্মী যাতায়াত করেন। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে।
উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বলেন, প্রতিদিন এই সড়কে বিভিন্ন ধরনের কমপক্ষে ৫০০ যানবাহন চলাচল করে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য তাঁরা সংগঠনের উদ্যোগে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার কাছে তিন বছর ধরে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু স্থায়ী কোনো উপকার হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের শেরপুর উপজেলা অংশের দুবলাগাড়ি, চকপোতা, বাগড়া, কেল্লা ও বেলঘরিয়া এলাকায় বাজার রয়েছে। এসব বাজার মূল সড়ক থেকে এক-দেড় ফুট উঁচু হওয়ায় হোটেল রেস্তোরাঁ ও দোকানপাটের বর্জ্য ও পানি সড়কে গিয়ে পড়ে। এসব স্থানে মূল সড়কের ইটের খোয়া পর্যন্ত উঠে গেছে। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকার সড়ক জলাবদ্ধ হয়ে পড়ে। সড়কের প্রায় সাড়ে সাত কিলোমিটারজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ (শেরপুর-ধুনট) হাবিবর রহমান বলেন, তিনি নিজে ওই সড়কে গিয়ে দেখেছেন। সড়কটি দ্রুত সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন। তারা আশ্বাসও দিয়েছে।
শেরপুর উপজেলার কুসুম্বী ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন, ওই সড়কের শেরপুর উপজেলার পুরোটা অংশই তাঁর ইউনিয়নের মধ্যে। তাঁর ইউনিয়নসহ পাশের বিশালপুর ইউনিয়নের মোট ৫০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। সড়কের খানাখন্দের মধ্যে যানবাহন পড়ে গিয়ে প্রতিদিনই অন্তত দু-তিনটি দুর্ঘটনা ঘটে।
উপজেলার দুবলাগাড়ি, চকপোতা ও কেল্লা বাজার এলাকার ১০ জন ব্যবসায়ী জানান, সড়কটি দ্রুত সংস্কারের জন্য তাঁরা গত বছর সড়কের পাশে মানববন্ধন ও সড়কের ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। এতেও সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ নেয়নি।
এ প্রসঙ্গে বগুড়ার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, কিছুদিন আগে সড়কটি জেলা সড়ক প্রকল্পের আওতায় সংস্কারসহ উন্নয়নের বিপরীতে সাত কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বর্তমানে দরপত্র তৈরি প্রক্রিয়াধীন। চলতি বর্ষার পর কার্যক্রম শুরু করা হবে।
ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ রোধে কী ব্যবস্থা নেবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগেই সড়কের নাজুক স্থানগুলোয় ইটের খোয়া ফেলে চলাচলের ব্যবস্থা করে দেবেন।