সাত কিলোমিটার পাকা হলে কমবে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পথে খুলনা সদর থেকে পাইকগাছা উপজেলার দূরত্ব ৬৫ কিলোমিটার। সড়কের অবস্থাও ভালো নয়। কিন্তু পাইকগাছা-সোলাদানা-বটিয়াঘাটা সড়কের মাত্র সাত কিলোমিটার পাকা হলেই খুলনা থেকে পাইকগাছা ও কয়রা উপজেলার বাসিন্দাদের ২৫ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরতে হবে না।এই সাত কিলোমিটার সড়কটি পাকা করা সুন্দরবন-সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। পাইকগাছা ও কয়রা উপজেলার বাসিন্দারা জানান, পাইকগাছা থেকে চুকনগর হয়ে খুলনায় পৌঁছাতে ৬৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। এর মধ্যে কমপক্ষে ৩০ কিলোমিটর সড়কের বেহাল অবস্থা। এ সড়ক দিয়ে পাইকগাছা থেকে খুলনা যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘণ্টা।কিন্তু পাইকগাছা সদর থেকে সাত কিলোমিটার দূরে সোলাদানা ঘাট পার হয়ে দারুণমল্লি থেকে ফুলবাড়ী পর্যন্ত যেতে আট কিলোমিটার রাস্তা হয়ে বটিয়াঘাটা উপজেলার মধ্য দিয়ে ২৫ কিলোমিটার পাকা সড়ক পার হলেই খুলনা সদর। এ পথ এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু দারুণমল্লি থেকে ফুলবাড়ী আট কিলোমিটারের মধ্যে সাত কিলোমিটার মাটির রাস্তা পাকা হলে এবং নদীতে ফেরি চালু হলে পাইকগাছা থেকে খুলনা যেতে ২৫ কিলোমিটার ঘুরতে হবে না।পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুল হক জোয়াদ্দার বলেন, খুলনা-পাইকগাছা ৬৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩০ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। এ কারণে খুলনায় পৌঁছাতে সময় লাগে চার ঘণ্টা। বিকল্প ওই পথে সময় অনেক কম লাগে।কয়রার ব্যবসায়ী হারিস উদ্দিন বলেন, দারুণমল্লি থেকে ফুলবাড়ী সাত কিলোমিটার অংশ পাকা হলে খুলনার সঙ্গে কয়রা উপজেলার বাসিন্দাদেরও যাতায়াত সহজ হবে। তবে সোলাদানা খেয়াঘাটে পাইকগাছার পুরাতন ফেরিটি চালু করলে সব রকম যানবাহনও পারাপার হতে পারবে।পাইকগাছার উপজেলা প্রকৌশলী নিরাপদ পাল বলেন, ‘খেয়া পার হয়ে ফুলবাড়ী পর্যন্ত এ উপজেলার আট দশমিক সাত কিলোমিটার সড়ক পাকা করলেই কয়রা-পাইকগাছার মানুষের সামনে খুলনার সঙ্গে যোগাযোগের এক নতুন দুয়ার খুলে যাবে। এরই মধ্যে ওই রাস্তার প্রায় এক কিলোমিটার পাকা করার কাজ চলছে। তা ছাড়া বাকি অংশ পাকা করতে আমাদের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে।’পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, পাইকগাছার উন্নয়নে এলাকাবাসীর ২১ দফার মধ্যে অন্যতম দাবি হচ্ছে সোলাদানা-বটিয়াঘাটা-খুলনা সড়কটির দ্রুত বাস্তবায়ন। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুজ্জামান বলেন, সোলাদানা-দারুণমল্লিক খেয়াঘাটে পুরাতন ফেরিটি চালু করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।