সাত কিলোমিটার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বগুড়ার দুপচাঁচিয়া–ক্ষেতলাল সড়কের ধাপসুলতানগঞ্জ হাট থেকে কোলগ্রাম দাঁড়া​র সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল দাইমপুর গ্রাম থেকে ছবিটি তুলেছেন সোয়েল রানা
বগুড়ার দুপচাঁচিয়া–ক্ষেতলাল সড়কের ধাপসুলতানগঞ্জ হাট থেকে কোলগ্রাম দাঁড়া​র সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল দাইমপুর গ্রাম থেকে ছবিটি তুলেছেন সোয়েল রানা
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

জায়গায় জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। কোথাও মাঝখানে বড় বড় গর্ত। কোথাওবা দুই পাশ ভেঙে দেবে গিয়ে সরু হয়ে গেছে। এ অবস্থা বগুড়ার দুপচাঁচিয়া-ক্ষেতলাল রাস্তার ধাপ সুলতানগঞ্জ হাট থেকে দাঁড়ার সেতু পর্যন্ত সাত কিলোমিটার অংশের।

এলাকার কয়েকজন বলেন, জয়পুরহাট থেকে ক্ষেতলাল হয়ে দুপচাঁচিয়া পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। এর মধ্যে সাত কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। এই অংশের জন্য জয়পুরহাট থেকে ভারী যানবাহন দুপচাঁচিয়ায় আসতে পারে না। এ জন্য মালবোঝাই যানবাহনকে জয়পুরহাট-বগুড়া সড়ক দিয়ে অতিরিক্ত ৫০ কিলোমিটার ঘুরে দুপচাঁচিয়ায় আসতে হয়। এরপরও ভাঙাচোরা এ রাস্তাটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যানসহ নানা যানবাহন ঝুঁকি নিয়ে হেলেদুলে চলে। ঝুঁকি নিয়ে এ রাস্তায় মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই সাত কিলোমিটারের মধ্যে খোলাশ গ্রামের মোড়, খুনিহারা, দাইমপুর রাস্তার মোড়, মোস্তফাপুর বাজার, মোস্তফাপুর মাদ্রাসা, পোথাট্টি বাজার, কোলশরব্দিপুর মোড়, দাঁড়ার সেতু পর্যন্ত আটটি স্থানে রাস্তার মধ্যে বড় বড় গর্ত।
এ দিন পোথাট্টি বাজারে গরুবোঝাই একটি ভটভটি গর্তে আটকে যায়। ভটভটিটির চালক আবুল হায়াত বলেন, ‘ধাপ হাটের কারণে আজ এ রাস্তা দিয়্যা গরু লিয়্যা ব্যার হচি। অন্যদিন ভাড়া বেশি দিলেও হামরা ভয়ে এ রাস্তায় আসি না।’
মোস্তফাপুর বাজারে কথা হয় বাসের চালক মকবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এ রুটের বাস বলেই বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করি। ভাঙাচোরা রাস্তায় বারবার ব্রেক কষে যেতে হয়। যাত্রীরা সিটে ঠিকমতো বসে থাকতে পারেন না। বর্ষার সময় তো এক অবস্থা গেছে। এখন জানালা লাগিয়েও ধুলা বন্ধ করা যায় না। মাঝেমধ্যেই বাস গ্যারেজে নিতে হয়।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, রাস্তাটি এলজিইডি। ক্ষেতলাল থেকে দুপচাঁচিয়া পর্যন্ত ১৮ কিলোমিটার অংশ বিভিন্ন সময়ে মেরামত হয়েছে। কিন্তু দুপচাঁচিয়ার এ সাত কিলোমিটার আট বছর আগে মেরামত হওয়ার পর আর কাজ হয়নি।
উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সাত-আট বছর ধরে বরাদ্দ না আসায় মেরামতের কাজ করা যায়নি। তবে এবার বরাদ্দ আসায় তিনটি গ্রুপের মাধ্যমে কাজের দরপত্র করা হয়েছে। যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে তারা খুব শিগগিরই কাজ শুরু করবে।