কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা থেকে কিশোরগঞ্জের বিশ্বরোড পর্যন্ত সাত কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কে প্রতিদিন পণ্যবাহী যানবাহনগুলো গর্তে পড়ে বিকল হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নান্দাইলের অরণ্যপাশা এলাকায় কয়েকটি পণ্যবাহী ট্রাকের চাকা গর্তে দেবে গিয়ে আটকে রয়েছে। আটকে থাকা ট্রাকগুলোর দুই পাশের একচিলতে জায়গা দিয়ে যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলো ঝুঁকি নিয়ে ওই স্থান অতিক্রম করছে। গত ঈদুল ফিতরের সময় দায়সারাভাবে কিছু ইটের খোয়া ও মাটি ফেলে গর্তগুলো সমান করা হলেও তা বেশি দিন টেকেনি। মুজাহিদ মিয়া নামে এক ট্রাকচালক জানান, সামনের পণ্যবাহী ট্রাকটি গর্তে পড়ে এক্সেল ভেঙে যাওয়ায় তিনি প্রায় ১৬ ঘণ্টা ধরে এখানে আটকা পড়ছেন। গর্তে আটকে যাওয়া ট্রাকচালক জুয়েল মিয়া জানান, শেরপুর জেলা থেকে মনোহরদী যাওয়ার পথে নান্দাইলের অরণ্যপাশা এলাকায় তাঁর ট্রাকটি গর্তে আটকে যায়। আগের ট্রাকটির ভেঙে যাওয়া যন্ত্র (এক্সেল) পাল্টিয়ে ওই স্থান অতিক্রম করতে পারলেও তাঁর গাড়ি একই পরিস্থিতিতে পড়েছে।চৌরাস্তা এলাকায় স্থাপিত একটি সাইনবোর্ড থেকে পাওয়া তথ্যে জানা যায়, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর আওতায় চায়নার জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি ২০০৮ সালের ২৫ জুন নান্দাইলের চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ১৫ দশমিক ৮০ কিলোমিটার সড়কটির প্রশস্তকরণ কাজ শুরু করে। এর ব্যয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৫৮ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানটি উল্লিখিত সময়ের মধ্যে কিশোরগঞ্জ জেলার বিশ্বরোড মোড় থেকে নান্দাইল উপজেলার মুশুলি পর্যন্ত সড়কটি চলাচলের উপযোগী করলেও সেখান থেকে চৌরাস্তা পর্যন্ত সাত কিলোমিটার সড়কের কাজে এখনো হাত দিতে পারেনি। গত ঈদের সময় সড়কে যানবাহন চলাচল চালু রাখার জন্য তড়িঘড়ি করে ওই গর্তগুলোতে ইটের খোয়া ও মাটি ফেলা হলেও তা টেকসই হয়নি। বৃষ্টি ও যানবাহনের চাকার চাপে মাটি ও খোয়া বেরিয়ে পড়ায় গর্তগুলো এখন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার জিইও কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মি. লি বলেন, তিনি মামলার বিষয়টি জানেন না। কাজ বন্ধের বিষয়ে বলেন, ‘কিছুদিনের মধ্যেই তাঁরা কাজ শুরু করবেন।’ এদিকে ঈদ চলে আসায় ভাঙাচোরা সাত কিলোমিটার স্থান অতিক্রম করতে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক বলেন, প্রতিদিন ওই স্থানটিতে চাকা দেবে যানবাহন আটকে পড়ছে। এতে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে দ্রুত কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সময় না নিয়ে দ্রুত কাজটি শেষ করবেন বলে আশ্বস্ত করেছেন।