সাত কিলোমিটার রাস্তাজুড়ে খানাখন্দ, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার উড়াকান্দা থেকে চর নারায়ণপুর পর্যন্ত সড়কের প্রায় সাত কিলোমিটার অংশে বড় বড় গর্তের কারণে যাতায়াতে লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কটির সংস্কারকাজ দুই মাস আগে শুরু করার কথা থাকলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেননি। এ কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিন ঘুরে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের ওই সাত কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ। বড় বড় গর্তের কারণে সড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার আমেনা বেগম বলেন, ‘এটা কি কোনো রাস্তা? প্রায় সময় অটোরিকশা, নসিমন খাদে উল্টে পড়ে।’ দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আরা বলেন, ইউনিয়নের লক্ষ্মীকোলসহ আশপাশের বেশির ভাগ রাস্তার দুরবস্থার কারণে জনগণের অনেক কথা শুনতে হয়েছে। রাস্তার নাজুক দশার বিষয়ে একাধিকবার উপজেলা সমন্বয় সভায় কথা বলেছি। মিজানপুর ইউনিয়নের ১, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে এই সড়কটি চলে গেছে। ওই ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) একাধিকবার বলা হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে আমাকে জনগণের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।’ সওজ, রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উড়াকান্দা থেকে চর নারায়ণপুর পর্যন্ত সাত কিলোমিটার সড়ক সংস্কারকাজের ব্যাপারে চলতি বছরের ১৫ মে দরপত্র আহ্বান করা হয়েছে। সিলেটের শিবগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালকে প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। ওই মাসের শেষের দিকে শুরু করে চলতি বছরের অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা। ওই কাজ তদারকে দায়িত্বপ্রাপ্ত সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী মীর্জা নুরুল কবির প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করার ব্যাপারে চিঠি দিয়েছি। তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে পারছে না। আবহাওয়া ভালো হলেই কাজ শুরু করবে।