সাত কিলোমিটার সড়কের জন্য পণ্য পরিবহনে যত ভোগান্তি
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় প্রায় ২০ কিলোমিটারের প্রধান সড়কটির নাজুক অবস্থা। ‘আজম সড়ক’ নামে পরিচিত এই সড়কের প্রায় ১৩ কিলোমিটারে যানবাহন চলাচল করলেও বাকি সাত কিলোমিটার ইটের রাস্তায় হাঁটাও কঠিন।সরেজমিনে দেখা গেছে, সড়কের ধুরুং বাজার থেকে উত্তরে আকবর বলী জেটিঘাট পর্যন্ত সাত কিলোমিটার ইটের রাস্তায় বড় বড় ভাঙন ও গর্তের সৃষ্টি হওয়ায় সরাসরি জিপ (চাঁদের গাড়ি) চলাচল করতে পারছে না। তা ছাড়া এই সাত কিলোমিটারে পাঁচটি কালভার্ট আংশিক ভেঙে গেছে। সড়কের ইট উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। ফলে সড়কের পাশের উত্তর ধুরুং এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানান, তাঁর ইউনিয়নে সড়কের দুই পাশে দুই হাজার ৩০০ হেক্টর জমিতে লবণ এবং আড়াই হাজার হেক্টরে রবিশস্য ও ধান চাষ চলছে। কিন্তু ভাঙা সড়কের কারণে উত্পাদিত লবণ পরিবহন করা যাচ্ছে না। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে সড়কটি সংস্কারের জন্য তদবির করে আসছি। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’উত্তর ধুরুং ছতরউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্কুর আলম জাহাঙ্গীর জানান, ভাঙাচোরা সাত-আট কিলোমিটার রাস্তা দিয়ে ছোট ছোট ছেলেমেয়ে হেঁটে বিদ্যালয়ে যেতে পারে না। দেখা গেছে, ধুরুং বাজার থেকে আকবর বলী জেটিঘাট পর্যন্ত ইটের রাস্তার দুই পাশে অনেক মাঠে উত্পাদিত লবণ চাষিরা মাঠের কোণে অথবা পুকুরের মতো গর্ত খুঁড়ে সেখানে মজুদ করছেন। ধুরুং বাজার এলাকার লবণচাষি আমজাদ হোসেন (৪৫) জানান, আকবর বলী ঘাটের সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় এবং সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চাষিরা ন্যায্যমূল্যে লবণ বিক্রি করতে পারছেন না। এ কারণে তাঁরা লবণ বিক্রি না করে মজুদ করে রাখছেন। এলাকাবাসী জানান, আগে আকবর বলী ঘাট দিয়ে কুতুবদিয়ার ৪০ হাজার মানুষ নৌপথে চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা, পেকুয়া, চকরিয়া, কক্সবাজার যাতায়াত করতেন। কুতুবদিয়ায় উত্পাদিত লবণ, আহরিত মাছ এই ঘাট দিয়ে চট্টগ্রাম এবং চট্টগ্রাম, কক্সবাজার থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল এখানে নিয়ে আসা হতো। আর এখন প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট দিয়ে যাতায়াত ও মালামাল আনা-নেওয়া করতে হচ্ছে।দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদ জানান, সড়কটির বেহাল দশার কারণে তাঁর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষকে বিকল্প পথে খাল-বিল পেরিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম সড়কটির বেহাল দশার সত্যতা স্বীকার করে জানান, ওই সাত কিলোমিটার রাস্তা পাকা এবং ভাঙা কালভার্ট সংস্কারের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে।