সাত কিলোমিটারে খানাখন্দ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানে স্থানে ভাঙাচোরা আর খানাখন্দ। কোথাও পিচঢালাই উঠে পাথর বের হয়ে আছে। সড়কে জমে থাকা ভাঙা পাথরের ছোট ছোট কণা ও বালু উড়ছে। এতে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ দুরবস্থা ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশের ৩৯ কিলোমিটারের মধ্যে অন্তত সাত কিলোমিটারের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কের কোনো অংশে ভাঙাচোরা থাকলে সেটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়ে থাকে। তা ছাড়া চলতি বৃষ্টির মৌসুম শেষ হলেই মহাসড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শেরপুর, কাগজপুর, ব্রাহ্মণগ্রাম, গোয়ালাবাজার, তাজপুর, ব্রাহ্মণশাসন, দয়ামীর ও দক্ষিণ সুরমার লালাবাজার অংশে ভাঙাচোরা খুবই বেশি। এসব এলাকায় মহাসড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে থাকে। এতে এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, অবস্থা খুব খারাপ হলে মাঝেমধ্যে সওজ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ পিচঢালাই করে ঢেকে দেয়। তবে সংস্কারকাজ ভালো না হওয়ায় কয়েক দিনের ব্যবধানে সেসব স্থানে আবার খানাখন্দ সৃষ্টি হয়। খানাখন্দের কারণে যানবাহন চলাচল করে খুবই ধীরগতিতে। এ কারণে যানজটও তীব্র রূপ নেয়। আবার খানাখন্দে পড়ে গিয়ে যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে।
ওসমানীনগর থানার মতিয়ারগাঁও ভাগলপুর গ্রামের কলেজ শিক্ষার্থী কয়েস মিয়া বলেন, মহাসড়কের ওসমানীনগর অংশের কাগজপুর এলাকায় অবস্থিত কাগজপুর সেতুটি তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর ওপরের অংশের ঢালাই উঠে যাচ্ছে। ঢালাই নেই এমন কয়েকটি স্থানে স্টিলের পাত লাগানো হয়েছে। কিন্তু সেগুলো দেবে গিয়ে প্রায় সময়ই যান চলাচল বন্ধ থাকে।
কাগজপুর সেতুটিকে পূর্ণাঙ্গভাবে সংস্কারের জন্য মন্ত্রণালয়ে অনুমতি ও বরাদ্দের জন্য পত্র লেখা হয়েছে জানিয়ে সওজের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, অনুমতি ও বরাদ্দ পেলে বিকল্প বেইলি সেতু চালু করে কাগজপুর সেতুটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে।