সাত কোটি টাকার টার্মিনাল ফেলে রেখে সড়কে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের শহীদ কামারুজ্জামান সড়ক দখল করে বাস রাখা হয়। এতে সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়। সম্প্রতি ছবিটি তুলেছেন শহীদুল ইসলাম
রাজশাহী নগরের শহীদ কামারুজ্জামান সড়ক দখল করে বাস রাখা হয়। এতে সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়। সম্প্রতি ছবিটি তুলেছেন শহীদুল ইসলাম

রাজশাহীতে ১২ বছর আগে নির্মাণ করা হয় আন্তজেলা বাস টার্মিনাল। সেখানে একসঙ্গে ৫০০ বাস রাখার ব্যবস্থা আছে। টার্মিনালটি নির্মাণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকা। কিন্তু টার্মিনালটি ফেলে রেখে নগরের পাঁচটি সড়ক দখল করে বাস রাখা হয়। এ কারণে সৃষ্টি হচ্ছে যানজটের।

বাসের মালিকেরা বলছেন, যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার জন্য তাঁরা শহর ছাড়তে পারছেন না।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০০ সালে নগরের নওদাপাড়া এলাকায় ৭ দশমিক ৪১ একর জায়গায় আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০০৪ সালে। এতে ব্যয় হয় ৭ কোটি ১৬ লাখ ৭৮ হাজার টাকা। এখানে একটি টার্মিনাল ভবন নির্মাণ করা হয়। এর ভেতরে এক সঙ্গে প্রায় ৫০০টি বাস দাঁড়াতে পারে। এই টার্মিনাল নির্মাণের পরে শহরের সঙ্গে সংযোগ সড়ক হিসেবে এর পূর্ব পাশ দিয়ে ভদ্রা পর্যন্ত ২৩ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয়। কথা ছিল আন্তজেলা বাসগুলো এই টার্মিনাল থেকে সরাসরি ছেড়ে যাবে। আর আন্ত উপজেলার বাসগুলো নগরের শিরোইল টার্মিনাল থেকে ছেড়ে যাবে।

নগর থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে নওদাপাড়া এলাকায় অবস্থিত এই টার্মিনাল এক দিনের জন্যও সেভাবে ব্যবহৃত হয়নি। মাঝেমধ্যে সেখানে যাত্রাপালা, র‍্যাফল ড্র ও জুয়ার আসর বসানো হয়।

বাস মালিক সমিতির সূত্রে জানা গেছে, প্রতিদিন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে প্রায় ১৪০টি বাস ছেড়ে যায়। সড়কে অবৈধ বাস রাখার কারণে নগরের শহীদ কামারুজ্জামান সড়কটির পরিচিতি ‘শিরোইল ঢাকা বাস টার্মিনাল সড়ক’ হিসেবে। এই সড়কে ঢাকাগামী সাতটি পরিবহনের কাউন্টার (ভিআইপি) রয়েছে। রাজশাহী রেলস্টেশন সড়কের পাশে রয়েছে ২৩টি পরিবহনের কাউন্টার। এসব কাউন্টার থেকে প্রতি ঘণ্টায় ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়। এ ছাড়া এখান থেকে কুষ্টিয়া, যশোর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, শ্যামনগরের উদ্দেশে একের পর এক বাস ছেড়ে যায়। ওই সব এলাকা থেকে ছেড়ে আসা বাসও এই সড়ক দখল করে থাকে। এদিকে ট্রেন থেকে নেমে যাত্রীরা এই সড়কেই আসেন। সড়কে বাস দাঁড়ানোর পর যে জায়গা থাকে তার ভেতরে ঢুকে পড়ে রিকশা ও অটোরিকশাসহ হালকা যানবাহন। মাঝেমধ্যে এমন অবস্থার সৃষ্টি হয় একটার সঙ্গে আরেকটা যানবাহন লেগে সহজে বের হতে পারে না।

নগরের রেলগেট এলাকা থেকে নওগাঁ, নিয়ামতপুর, জয়পুরহাট, সাপাহার, মঙ্গলবাড়ী ও হিলির উদ্দেশে প্রায় ৫০টি বাস ছেড়ে যায়। এ ছাড়া বাগমারার ভবানীগঞ্জ, তানোর, আমনুরা, মন্ডুমালার উদ্দেশে ৫২টি বাস ছেড়ে যায়। এই সড়কের ওপরেই বিআরটিসিসহ চারটি পরিবহনের কাউন্টার রয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ভিড় করে সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র। এই সড়কে মানুষকে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয়।

একই দুর্ভোগের সৃষ্টি হয়েছে নগরের ভদ্রা এলাকায়। ভদ্রা রেলগেটের পাশের সড়ক থেকে প্রতিদিন প্রায় ২০০টি বাস রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, কাজীরহাট, পাবনা, বেড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কুয়াকাটাসহ বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে সম্প্রতি বাসগুলো নিয়ম রক্ষার জন্য আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে সরাসরি নিজস্ব পথে না গিয়ে উল্টো পথে আবার শহরে ফিরে কথিত এই টার্মিনালে দাঁড়িয়ে থাকে। এখানে সড়কের পাশেই কাউন্টার রয়েছে। ফলে জনদুর্ভোগ কমছে না।

চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদের উদ্দেশে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরের পশ্চিম পাশের সড়ক থেকে প্রতিদিন প্রায় ৬০টি বাস ছেড়ে যায়। এগুলো নিয়ম রক্ষার জন্য নতুন বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। কিন্তু সেখান থেকে সোজা পথে না গিয়ে উল্টে পথে আবার শহরের এই সড়কে এসে দাঁড়ায়। এখানেই ফুটপাতের ওপরে তাদের কাউন্টার রয়েছে। এই বাসের কারণে যানজটে প্রতিদিন মানুষ নাকাল হয়।

এই জনদুর্ভোগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন প্রথম আলোকে বলেন, বাসগুলোই সড়ক দখল করে থাকে। ওই সড়কে গিয়ে প্রায়ই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।

জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান বলেন, আন্তজেলা বাস টার্মিনাল থেকে সরাসরি বাস ছাড়লে যাত্রী পাওয়া যাবে না। এর আগে ওই টার্মিনাল থেকে চাঁপাইনবাবগঞ্জের গাড়ি ছেড়ে যাত্রী পাওয়া যায়নি। যাত্রীরা তাদের কার্যালয় ঘেরাও করেছিল। শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাস টার্মিনাল করা হয়েছে। ঢাকার বাসগুলো রাতের যাত্রীদের ওখানে নামালে নিরাপত্তা নিয়ে সমস্যা হবে। যাত্রীদের এই অসুবিধার কথা চিন্তা করেই সেখানে যাওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, যানজট সৃষ্টি করছে অটোরিকশা।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি বাসমালিকদের বলেছি সড়ক থেকে বাস সরাতে হবে। প্রয়োজনে রাতের যাত্রীগুলো তারা শহরে নামিয়ে দিয়ে যাবে। তাহলেই নিরাপত্তা সমস্যা থাকবে না।’

আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান বলেন, বাস টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত করে বাস মালিক সমিতিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারা টার্মিনালে আসছে না। চিঠি দেওয়া ছাড়া তাঁদের আর তো কিছু করার নেই।