সাত কোটি টাকার দরপত্র ভাগ-বাঁটোয়ারার পাঁয়তারা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে জলবায়ু ট্রাস্ট ও সরকারি তহবিলের প্রায় সাত কোটি টাকার দরপত্র ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পাউবোর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে তারা এ পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন দরপত্রের শিডিউল কিনতে না পারা ঠিকাদাররা।এ ব্যাপারে এক ঠিকাদার কলাপাড়া পাউবো কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ফরম কিনতে না পারায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজ গত বুধবার কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলীকে একজন আইনজীবীর মাধ্যমে এই দরপত্রে ঠিকাদার নির্বাচন না করার জন্য নোটিশ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে পাউবোর কলাপাড়া সার্কেল গত ৭ ফেব্রুয়ারি চারটি প্যকেজে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের চারটি পোল্ডারে স্লুইসগেট ও খাল খনন কাজের দরপত্র আহ্বান করা হয়। এ কাজে ব্যয় ধরা হয় তিন কোটি ৮৩ লাখ টাকা। এ ছাড়া জিওবি (এনডিআরবি) তহবিলের অর্থায়নে গত ৩ ফেব্রুয়ারি আটটি প্যাকেজের মাধ্যমে উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের একটি পোল্ডারের বিভিন্ন অংশ সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ কাজে ব্যয় ধরা হয় তিন কোটি টাকা। দরপত্রে অংশ নিতে আগ্রহী ঠিকাদারদের ৫ মার্চের মধ্যে রূপালী ব্যাংক কলাপাড়া উপজেলার খেপুপাড়া শাখা, জনতা ব্যাংকের ঢাকার দিলকুশা এবং সোনালী ব্যাংকের বরিশালের সাগরদি শাখা থেকে দরপত্রের শিডিউল সংগ্রহ এবং ৬ মার্চ দুপুর ১২টার মধ্যে পাউবোর কলাপাড়া নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিতে বলা হয়।ঠিকাদার গোলাম রব্বানি শামীম অভিযোগ করে জানান, দরপত্র বিক্রির শেষ দিনে রুপালী ব্যাংকের খেপুপাড়া শাখায় তিনি ফরম কিনতে যান। ব্যাংক থেকে বলা হয়, ফরম নেই। বিষয়টি তিনি পাউবো কার্যালয়ে জানালে সেখান থেকেও তাঁকে দরপত্রের ফরম দেওয়া হয়নি। রূপালী ব্যাংকের খেপুপাড়া শাখার একটি সূত্র জানায়, পর্যাপ্ত ফরম পাউবো কর্তৃপক্ষ সরবরাহ করেনি। ব্যাংক কর্তৃপক্ষ পাউবোকে ফরমের চাহিদার কথা অবগত করেন। কিন্তু পাউবো কর্তৃপক্ষ ফরম সরবরাহ করেনি। ঠিকাদারদের অভিযোগ, সাধারণ ঠিকাদারেরা যাতে দরপত্রে অংশ নিতে না পারে সেজন্য পাউবো সামান্য কিছু ফরম ব্যাংকে বিক্রির জন্য সরবরাহ করেছে। এসব দরপত্রের ক্রেতারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গঙ্গামতি এন্টারপ্রাইজ লিমিটেড ও মেসার্স আন্ধারমানিক এন্টারপ্রাইজ লিমিটেড। এ ছাড়া ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন ঠিকাদার রয়েছেন। কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলীর সহায়তায় ক্ষমতাসীন দলের এসব ঠিকাদারেরা দরপত্র নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলে ফরম কিনতে না পারা ঠিকাদারেরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে মেসার্স আন্ধারমানিক এন্টারপ্রাইজের অংশীদার কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. সুলতান মাহামুদ এবং গঙ্গামতি এন্টারপ্রাইজের অংশীদার স্থানীয় আওয়ামী লীগের নেতা মোজাফফর আলী শিকদার বলেন, অন্যান্য ঠিকাদারের মতো তারাও এই দরপত্রে অংশ নিয়েছেন।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাউবোর কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শফি উদ্দিন বলেন, কয়েকজন ঠিকাদার ফরম বিক্রির শেষ দিন ব্যাংকে গিয়েছিলেন ফরম নিতে। ওই দিন ব্যাংকে ফরম ছিল না। ফরমের জন্য ব্যাংক থেকে পাঠানো চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ওই মুহূর্তে তিনি দূরে তাঁদের একটি কাজ দেখতে গিয়েছেলেন। সময়মতো কলাপাড়ায় পৌঁছাতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিকাদারের নোটিশের ব্যাপারে তিনি বলেন, বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন। কলাপাড়ায় এসে নোটিশ দেখে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।