ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে তথ্য
সাত কোটি মানুষ সুরক্ষিত সুপেয় পানি পায় না
ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশের ৭ কোটি ১০ লাখ মানুষ সুরক্ষিত সুপেয় পানি পায় না। ৬৮ শতাংশ মানুষের সুরক্ষিত পয়োব্যবস্থাপনার সুযোগ নেই। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নতুন প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রতি ১০ জনে ৩ জনের বাড়িতে নিরাপদ এবং এখনই ব্যবহার করা যায় এমন পানি নেই। এদের মোট সংখ্যা প্রায় ২১০ কোটি। এর দ্বিগুণ মানুষের সুরক্ষিত পয়োব্যবস্থাপনার সুযোগ নেই। এদের সংখ্যা ৪৪০ কোটি। অর্থাৎ প্রতি ১০ জনে ৬ জন এই সুযোগবঞ্চিত।
এই পানীয় জল, পয়োব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত হালনাগাদ (২০১৭) প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) জন্য নতুন কিছু সূচকের কারণে পানি ও পয়োব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন একটি সূচক হচ্ছে, সুরক্ষিত সুপেয় পানি। বর্তমানে ৫৬ শতাংশ মানুষ সুরক্ষিত সুপেয় পানি পায়। এর অর্থ সাত কোটির বেশি মানুষ সুরক্ষিত সুপেয় পানি পায় না। পানিতে থাকা আর্সেনিক ও জীবাণুর কারণে পরিস্থিতি এমন। এই বিষয়টি এমডিজির সূচকে অন্তর্ভুক্ত ছিল না।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সূচকের কারণে পয়োব্যবস্থাপনার ক্ষেত্রেও চ্যালেঞ্জে পড়তে পারে বাংলাদেশ। সুরক্ষিত পয়োব্যবস্থাপনার (সেফলি ম্যানেজড স্যানিটেশন) সুযোগ আছে ৩২ শতাংশ মানুষের। এসডিজির লক্ষ্যমাত্রায় বলা আছে, ১০০ শতাংশ মানুষকে ২০৩০ সালের মধ্যে সুরক্ষিত পয়োব্যবস্থাপনার সুযোগ করে দিতে হবে। এটা বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুরক্ষিত সুপেয় পানি ও সুরক্ষিত পয়োব্যবস্থার অভাবে প্রতিবছর বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৩ লাখ ৬১ হাজার শিশু মারা যায় ডায়রিয়ায়।