সাত খণ্ডকালীন শিক্ষক দিয়ে সংকট কাটানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটের কারণে দীর্ঘদিন ধরেই নিয়মিত শিক্ষকের পাশাপাশি সাতজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করে জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষা কার্যক্রম। কিন্তু চাকরির নিশ্চয়তা ও সুযোগ-সুবিধা না থাকায় এসব খণ্ডকালীন শিক্ষক কিছুদিন পর চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় নিয়োজিত হন। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলেও এর কোনো সমাধান মিলছে না। জানা যায়, খণ্ডকালীন শিক্ষক নিয়োজিত রয়েছেন পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, বাংলা, ইংরেজি ও কম্পিউটার শিক্ষা বিষয়ে। সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স কোর্সে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজে শিক্ষকের ২৯টি পদ থাকলেও বর্তমানে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ২৩ জন শিক্ষক কর্মরত আছেন। বিভিন্ন বিষয়ে পদ খালি রয়েছে ছয়টি। এর মধ্যে হিসাববিজ্ঞানে দুটি (একজন অধ্যাপক ও একজন প্রভাষক), ব্যবস্থাপনা বিভাগে একটি (একজন অধ্যাপক), বাংলায় একটি (সহকারী অধ্যাপক), ইংরেজিতে একটি (প্রভাষক) ও অর্থনীতিতে একটি (একজন প্রভাষক) পদ খালি রয়েছে। জানা যায়, খণ্ডকালীন শিক্ষকদের কাজের কোনো নিশ্চয়তা নেই। কারণ, এ ক্ষেত্রে একজন শিক্ষক তাঁর ইচ্ছামতো যেকোনো সময়ে চাকরি ছেড়ে দিতে পারেন। আবার কলেজ কর্তৃপক্ষও ওই শিক্ষককে যেকোনো অজুহাতে অপসারণ করতে পারে। অপরদিকে খণ্ডকালীন শিক্ষকেরা শুধু চুক্তিভিত্তিক একটি নির্দিষ্ট অঙ্কের সম্মানী ভাতা পেয়ে থাকেন। এর বাইরে অন্য কোনো সুযোগ-সুবিধা থাকে না। ফলে তাঁরাও এ কাজে বেশি দিন নিয়োজিত থাকেন না। এর চেয়ে ভালো কোনো সুযোগ পেলে তাঁরা চাকরি ছেড়ে দিতেও পিছপা হন না। ইতিমধ্যে অনেকেই এভাবে চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন খণ্ডকালীন শিক্ষক বলেন, ‘আমাদের চাকরিটাই তো খণ্ডকালীন। সেই হিসেবে সুযোগ-সুবিধাও কম। এ ধরনের অবস্থায় দীর্ঘদিন কাজ করা সম্ভব নয়। কাজেই আমরাও যত দিন সম্ভব দায়িত্ব পালন করতে চেষ্টা করি।’ এভাবে শিক্ষক পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, তাঁরা কোনো ধারাবাহিকতা মেনে পড়শোনা করতে পারছেন না। কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমাদের জন্য অভিজ্ঞ শিক্ষক হলে ভালো হতো। এ ক্ষেত্রে কিছু কিছু জটিল বিষয় আছে, যেগুলো ভালো করে বুঝতে না পারলে সমস্যা হয়।’ শিক্ষকসংকটের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু জাফর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজে শিক্ষকসংকট দীর্ঘদিনের। নতুন পদ সৃষ্টির মাধ্যমে শিক্ষকসংকট নিরসনের জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি।’