সাত খুন মাফ নয়, ২৬ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২০১৪ সালের ২৭ এপ্রিল একসঙ্গে সাতজনকে অপহরণের পর ঠান্ডা মাথায় হত্যা ও গুমের নৃশংসতায় শিউরে উঠেছিল মানুষ। নারায়ণগঞ্জ হয়ে ওঠে আতঙ্ক ও কান্নার শহর। গণমাধ্যম ও সারা দেশে ঘটনাটি ছিল আলোচনার প্রধান বিষয়বস্তু
ফাঁসির রায়ের পর গতকাল আসামি তারেক সাঈদকে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ ছবি: প্রথম আলো
ফাঁসির রায়ের পর গতকাল আসামি তারেক সাঈদকে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় পাঁচ বাহিনীর সাবেক ১৬ কর্মকর্তা ও সদস্যসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর অপরাধজগতের ৯ সহযোগী। এ ছাড়া ওই সব বাহিনীর আরও নয় সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ক্ষমতার দাপটে প্রভাবশালীদের অপরাধ বিভিন্ন সময়ে মাফ হয়ে যাওয়ার প্রচলিত ধারনা গতকাল আদালতের রায়ে ভুল প্রমাণিত হলো।
সাজাপ্রাপ্ত ২৫ জন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থেকে প্রেষণে র‌্যাবে আসেন। অপরাধ সংঘটনের সময় তাঁরা সবাই র‌্যাব-১১-তে কর্মরত ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১১ জন সেনাবাহিনী থেকে, ২ জন নৌবাহিনী থেকে, ৩ জন বিজিবি, সাতজন পুলিশ ও ২ জন আনসার থেকে র‍্যাবে যোগ দেন। সাত খুনের মামলার পর তাঁদের নিজ নিজ বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়।
গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত জনাকীর্ণ এজলাসে এই রায় ঘোষণা করেন। সংক্ষিপ্ত রায়ে তিনি বলেন, অপহরণ, হত্যা, লাশ গুম ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপহরণ ও আলামত অপসারণে যুক্ত থাকায় বাকিদের ১০ বছর ও সাত বছর করে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গ্রেপ্তার থাকা ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
আইনজীবীরা বলছেন, একসঙ্গে এত মানুষকে অপহরণ, হত্যা ও গুমের মতো ভয়ংকর অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত বিপুলসংখ্যক সদস্যের একযোগে জড়িত হওয়া এবং মৃত্যুদণ্ডের রায় হওয়ার ঘটনা এটাই প্রথম।