'সাত খুনে জড়িতদের সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটি অগ্রগতি প্রতিবেদন আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার‌্যালয়ে জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির সদস্য ও আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, 'কারা ওই ঘটনা ঘটিয়েছে, তার একটি প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। তবে কেন ও কী কারণে ওই হত্যাকাণ্ড ঘটেছে, তা উদঘাটনে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন। কমিটি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে। সব তথ্য হাতে পেলে তদন্ত সম্পন্ন হবে। এ জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।' তিনি বলেন, এ পর্যন্ত ৩৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তবে কমিটি যাদের খুনের সঙ্গে জড়িত বলে ধারণা করছে, তাদের নাম অগ্রগতি প্রতিবেদনে যুক্ত করা হয়নি। যখন চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে, তখন জড়িত ব্যক্তিদের নাম যুক্ত করা হবে।
সংশি্লষ্ট সূত্র জানায়, কার্যক্রমের অগ্রগতি জানিয়ে পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাব কতর্ৃপক্ষের পক্ষে পৃথক প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার‌্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জমার অপেক্ষায়।
আদালতের নির্দেশ অনুসারে গত ৪ জুন সরকারি কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্ট দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই দিন আদালত ৯ জুলাই বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল বুধবার এসব প্রতিবেদন দাখিল করার কথা।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদনে্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় তদন্ত করতে র‌্যাবের মহাপরিচালক এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) মামলা তদনে্তর নির্দেশ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ও সাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশের মহাপরিদর্শককেও নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার অনুসারে কার্যক্রম বিষয়ে অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল মাধ্যমে আদালতে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
এরপর ধার্য তারিখ ১৫ মে বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আদালত দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই দিন আদালত ৪ জুন পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন রাষ্ট্রপক্ষ বিবাদীদের কার্যক্রম অগ্রগতি প্রতিবেদন দাখিল করে। আজ পর্যন্ত তৃতীয় দফায় অগ্রগতি প্রতিবেদন দাখিল হলো।
গত ২৭ এপ্রিল দুপুুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে ছয়জনের মরদেহ। পরদিন আরেকজনের লাশ ভেসে ওঠে। এই সাতজন হলেন এক গাড়িতে থাকা কাউন্সিলর নজরুল ইসলাম, তঁার সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান ওরফে স্বপন, লিটন ও তঁার গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আরেকটি গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তঁার গাড়িচালক ইব্রাহিম।